চাকরির প্রলোভনে অপহরণ করে নগ্ন ছবি তুলে মুক্তিপণ দাবি, গ্রেফতার ৫

অপহৃত ছাত্রীর মা উত্তরা পশ্চিম থানায় বিষয়টি জানালে রাজধানীর উত্তরা এলাকা থেকে অপহৃত ছাত্রী উদ্ধারসহ পেশাদার অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City
Printed Edition

চাকরির বিজ্ঞাপন দেখে তাদের সাথে যোগাযোগ করেন মনিপুর স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। তাদের সাথে সরাসরি দেখা করতে বলে একটি প্রতারকচক্র। চাকরির প্রলোভন দেখিয়ে দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীকে অপহরণ করে চক্রটি। পরে তাকে আটকে রেখে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় ভুক্তভোগী ছাত্রীর পরিবারের কাছে। অপহৃত ছাত্রীর মা উত্তরা পশ্চিম থানায় বিষয়টি জানালে রাজধানীর উত্তরা এলাকা থেকে অপহৃত ছাত্রী উদ্ধারসহ পেশাদার অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো: মাসুম পারভেজ (৩৮), মো: সোলাইমান হোসেন (৩৮), শফিকুল ইসলাম সৌরভ (২৭), মোছা: মায়া (২৫) ও মোছা: রুলি খানম (১৯)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন সময় মুক্তিপণ বাবদ আদায় করা এক কোটি ৪১ লাখ টাকা, ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি সিসি ক্যামেরা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ২৬ মে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী রূপনগর আবাসিক এলাকার বাসা থেকে বাইরে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি। অজ্ঞাত ব্যক্তি ভিকটিমের মাতার মোবাইলে ফোন করে মেয়েকে উদ্ধারের জন্য ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি থানাকে জানালে উত্তরা পশ্চিম থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারী চক্রটিকে শনাক্ত করে। পরে উত্তরা পশ্চিম থানাধীন ১১ নম্বর সেক্টরের ১০/বি রোডের বাসা নম্বর ৩৭-এর দ্বিতীয় তলা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা একটি পেশাদার অপহরণকারী চক্রের সদস্য। তারা বিভিন্ন বয়সের কিশোরীদের চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করে তাদের আটকে রেখে বিভিন্ন নগ্ন ভিডিও ও ছবি ধারণ করত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করত বলে স্বীকার করেছে আসামিরা। এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ পলাতকদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা রুজু করা হয়েছে।