বিশ্বকাপে মেসিকে নিয়ে শঙ্কা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ১০ গোলের রোমাঞ্চের ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে ইন্টার মিয়ামি। ২-০ গোলে পিছিয়ে পড়েও সুয়ারেসের হ্যাটট্রিকে শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে জিতেছে লিওনেল মেসির দল। মিয়ামির এই দারুণ জয় ছাপিয়ে দুর্ভাবনা আর্জেন্টাইন অধিনায়ককে ঘিরে। ম্যাচের ৭৩ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়েন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

মিয়ামির নু স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিট হওয়ার আগেই দু’বার জালে বল প্রবেশ করে ইন্টার মিয়ামির! পরের ১০ মিনিটে দুই দল মিলে আরো দু’টি গোল। ম্যাচজুড়ে আক্রমণ আর পাল্টা আক্রমণের ঝড় বয়ে গেল দুই দলের গোলমুখে। এরপর ২৮ ও ৪৩ মিনিটে লুইস সুয়ারেজ দু’বার জালে বল প্রবেশ করিয়ে ৩-৩-এ সমতায় ফেরায় মিয়ামিকে। প্রথমার্ধের যোগ করা সময়ের সপ্তম মিনিটে হ্যাটট্রিক করলেন ফিলাডেলফিয়ার মিলান ইলস্কি। ৮০ মিনিটে আরো এক গোল করে হ্যাটট্রিকেই জবাব দিলেন উরুগুয়ের ফরোয়ার্ড। রদ্রিগো ডি পলের শেষের গোলে বড় জয় নিশ্চিত হয় মিয়ামির। এই রাউন্ডের পর বিশ্বকাপের জন্য দুই মাসের বিরতি পড়ছে মেজর লিগ সকারে। এই জয়ে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তালিকায় দুইয়ে থেকে বিরতিতে যাচ্ছে মিয়ামি। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল এসসি।

ঘরের মাঠে ম্যাচের ৭০ মিনিটে ফ্রি কিক নেয়ার পরই পেশিতে অস্বস্তি অনুভব করেন মিয়ামির অধিনায়ক মেসি। ফ্রি কিক নিয়েই বাঁ ঊরুর ওপরের অংশে হাত দিয়ে ধরলেন তিনি। একটু পরই ইশারায় বদলির অনুরোধ করলেন তিনি। মাঠ থেকে সোজা বেরিয়ে চলে গেলেন ড্রেসিং রুমে। এ দৃশ্যটায় নিশ্চিতভাবেই শঙ্কার বার্তা পৌঁছে গেল আর্জেন্টিনায়। সেই সাথে গোটা বিশ্বে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচের বাকি আর সপ্তাহ তিনেক! এই রাউন্ডের ম্যাচের পরই বিশ্বকাপের জন্য দীর্ঘ দুই মাসের বিরতি থাকবে মেজর লিগ সকারে।

গত মৌসুমের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি চলতি মৌসুমেও অসাধারণ ফর্মে আছেন। ১৪ ম্যাচে ১২ গোল করেছেন তিনি, অ্যাসিস্ট করেছেন ৮ গোলে। গোলে অবদানের ক্ষেত্রে তিনি এখন শীর্ষে। বিশ্বকাপ এখন এত কাছে যে, মেসির চোট নিয়ে দুর্ভাবনার যথেষ্টই কারণ রয়েছে আর্জেন্টিনার। বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াড অবশ্য এখনো ঘোষণা করা হয়নি। মেসি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি বিশ্বকাপে খেলার। তবে বিশ্ব আসরে তার খেলা নিয়ে সত্যিকারের সংশয়ও খুব একটা ছিল না। কিন্তু এই চোটের পর এখন প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে।

ইন্টার মিয়ামির ভারপ্রাপ্ত আর্জেন্টাইন কোচ গিয়ের্মো হোয়োস অবশ্য ম্যাচের পর যা বললেন, তাতে কিছুটা স্বস্তি মিলতে পারে আর্জেন্টিনায়। তিনি বলেন, ‘এ বিষয়ে (মেসির চোট) আমাদের কাছে এখনো কোনো রিপোর্ট আসেনি। কিন্তু আমি যতদূর জানি, সে সত্যিই ক্লান্ত ছিল। ক্লান্তির কারণেই হয়েছে এমন। সে ক্লান্ত ছিল, মাঠ ভারী ছিল। কোনো সংশয় রাখার চেয়ে ঝুঁকি না নেয়াই ভালো।’

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্দান।