কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লায় মামলা করা হয়েছে।
কুমিল্লার সদর দক্ষিণের বল্লভপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জালাল আহমেদ খোকন তালুকদার বাদি হয়ে ২০ জুন সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন। তবে মামলা দায়েরের খবর প্রকাশ্যে আসে বুধবার (২৪ জুন)।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ছাড়াও সদর দক্ষিণ এলাকা বাসিন্দা কাদের মিয়াজীর নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।
বাদী জালাল আহমেদ খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দাবি করলেও মহানগর যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে যুবদলের কোনো স্তরেই তিনি সদস্য নন।
মহানগর যুবদলের সদস্যসচিব রোমান হাসান বলেন, জালাল আহমেদ খোকন তালুকদার যুবদলের কেউ নন। তিনি আগে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
মামলা দায়েরের বিষয়ে জানতে চাইলে জালাল আহমেদ খোকন তালুকদার বলেন, তিনি যুবদলেরই কর্মী এবং কুমিল্লা মহানগর ২৬নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। বিএনপির সংসদ সদস্য এবং তার নেতার মানহানি হওয়ায় তিনি এই মামলাটি করেছেন।



