নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ লাইনের একটি পাইপ ফেটে যাওয়ার পর প্রায় এক বছর ধরে অবিরাম পানি অপচয় হচ্ছে। দীর্ঘদিনেও পাইপের মেরামত না হওয়ায় প্রয়োজনীয় পানি থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।
সরেজমিন দেখা গেছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি সেতুর নিচে ফেটে যাওয়া পাইপ দিয়ে অবিরাম পানি বের হচ্ছে। জানা যায় মাঝে মধ্যে পাইপে সাময়িক সংস্কার করা হলেও তা কার্যকর হয়নি। ফলে অপচয় যেমন বন্ধ হচ্ছে না, তেমনি আশপাশের বাসিন্দারা প্রয়োজনীয় পানি থেকেও বঞ্চিত হচ্ছেন।
এ ছাড়া কোর্টপাড়া বন বিভাগ অফিসের পাশে এবং আরো কয়েকটি স্থানে দীর্ঘদিন ধরে একইভাবে পানি অপচয়ের অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সমস্যাটি দীর্ঘায়িত হচ্ছে। তারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানান।
এ বিষয়ে নগরকান্দা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, সমস্যাটি সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। স্থায়ী সংস্কারের জন্য প্রয়োজনীয় মালামাল ঢাকা থেকে আনার প্রক্রিয়া চলছে এবং শিগগিরই কাজ শুরু হবে।



