সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

গৃহবধূ হত্যায় ৩ জনের যাবজ্জীবন

কুমিল্লার নাঙ্গলকোটে গৃহবধূ মরিয়ম বেগম হত্যা মামলায় শ্বশুর, শাশুড়ি ও দেবরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নিহত নারীর স্বামী আবদুল মতিনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। গতকাল রোববার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো: শামছুল আলম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মরিয়মের শ্বশুর আবদুল মমিন, শাশুড়ি ফাতেমা বেগম ও দেবর মো: নিজাম। মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৪ সেপ্টেম্বর রাতে পারিবারিক বিরোধের জেরে নাঙ্গলকোটের ছুপুয়া গ্রামে গৃহবধূ মরিয়ম বেগমকে গলা টিপে হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা সোলেমান বাদি হয়ে চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত এ রায় দেন। কুমিল্লা প্রতিনিধি।

প্রথম স্ত্রীর আত্মহত্যা

নেত্রকোনার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পেয়ে বিষণœতায় ঘুমের ওষুধ সেবন করে রুনা রানী তালুকদার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার ভোররাতে তার মৃত্যু হয়। নিহত রুনা রানী উপজেলার চত্রমপুর গ্রামের জীবন চন্দ্র তালুকদারের মেয়ে। পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে রুনা আদালতে স্বামী বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলা দায়েরের পর থেকে তিনি বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। গত ২০ আগস্ট স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পেয়ে রুনা মানসিক ভেঙে পড়েন এবং পরদিন সকালে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে তাড়াইল ও পরে কিশোরগঞ্জে নেয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। মদন (নেত্রকোনা) সংবাদদাতা।

৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করেছে যৌথ টাস্কফোর্স। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে গত শনিবার বিকেলে রেলস্টেশন এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়। বিজিবির ৪৬ ব্যাটালিয়ন বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল ৪৬ বিজিবি, হবিগঞ্জ ৫৫ বিজিবি, র‌্যাব-৯ ও স্থানীয় জেলা প্রশাসনের যৌথ টিম সেখানে অভিযান চালায়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে চোরাইপথে আসা ভারতীয় দামি শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। অভিযানের নেতৃত্ব দেন ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক এবং সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম। বিজিবি জানায়, উদ্ধার করা অবৈধ মালামাল আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেয়া হচ্ছে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা।

চরফ্যাসনে ৩২টি কচ্ছপ উদ্ধার

ভোলার চরফ্যাসন উপজেলা সদরের মাছ বাজার থেকে পাচারের উদ্দেশ্যে প্লাস্টিকের ড্রামে রাখা প্রায় বিলুপ্ত প্রজাতির ৩২টি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। গত শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব কচ্ছপ জীবিত উদ্ধার করা হয়। গতকাল রোববার সকালে উদ্ধারকৃত কচ্ছপগুলো স্থানীয় বন বিভাগের পুকুরে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়েছে। চরফ্যাসন নার্সারি কেন্দ্রের ফরেস্টের কর্মকর্তা নাছিম আল খুসবুর নেতৃত্বে একটি দল এই অভিযানে অংশ নেয়। বন কর্মকর্তা আবদুস সালাম জানান, একটি আন্তর্জাতিক চক্র দীর্ঘ দিন ধরে চরফ্যাসনের উপকূলীয় এলাকা থেকে দুর্লভ প্রজাতির কচ্ছপ শিকার করে পাচার করছিল। রাতে উদ্ধার হওয়া কচ্ছপগুলো ‘সন্ধি’ ও ‘করি কাইট্টা’ প্রজাতির, যা বাংলাদেশে বিলুপ্তপ্রায়। ঘটনার স্থানে কাউকে না পাওয়ায় আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। চরফ্যাসন (ভোলা) সংবাদদাতা।

অবক্ষয় প্রতিরোধে সাংস্কৃতিক আন্দোলনের আহ্বান

সামাজিক অবক্ষয় প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ ভাবনায় ফেনীতে ৩৫টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে শহরের ডক্টরস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখা এই আলোচনার আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক মীর মাসুদ পারভেজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবি ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হাসান উদ্দিনসহ স্থানীয় নেতারা। বক্তারা বলেন, পর্যাপ্ত সাংস্কৃতিক চর্চার অভাবে সমাজে মূল্যবোধের বিপর্যয় ঘটছে। এর সমাধানে ফেনীতে অবিলম্বে একটি মুক্তমঞ্চ নির্মাণ ও জহির রায়হান হল পুনর্নির্মাণের দাবি জানানো হয়। প্রধান অতিথি তার বক্তব্যে সাংস্কৃতিক বিকাশের যেকোনো ইতিবাচক কার্যক্রমে পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন। ফেনী অফিস।

বিনামূল্যে সার ও বীজ পেল কৃষক

কৃষি উৎপাদন জোরদার ও প্রান্তিক কৃষকদের সহায়তায় পাবনার ঈশ্বরদীতে দুই হাজার ৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও মৌসুমি ফসলের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আবদুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। অনুষ্ঠানে গ্রীষ্মকালীন পেঁয়াজ, লাউ, চালকুমড়া, বেগুন, শসা ও পুঁইশাকের বীজসহ বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি বলেন, সরকারের কৃষিবান্ধব কর্মসূচির কারণে কৃষকের উৎপাদন খরচ কমবে। এতে প্রান্তিক কৃষকেরা উৎসাহিত হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরো জোরদার হবে। ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা।

পুশইন ঠেকাতে সীমান্তে মাইকিং

সীমান্তে পুশইন, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে মাইকিং ও সচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) উদ্যোগে গতকাল রোববার থেকে সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে এ কার্যক্রম শুরু হয়। বিজিবি সূত্র জানায়, অবৈধ পারাপার রোধের পাশাপাশি মাদক পাচার ও সীমান্ত অপরাধ বন্ধে স্থানীয় বাসিন্দাদের বিজিবির সাথে একযোগে কাজ করার আহ্বান জানানো হচ্ছে। প্রচারকালে বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্তে সন্দেহজনক বা অপরিচিত ব্যক্তিদের আনাগোনা দেখা গেলে গ্রামবাসীরা যেন আইন হাতে না তুলে দ্রুত বিজিবি বর্ডার আউটপোস্টে (বিওপি) তথ্য দেন। ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান জানান, সীমান্ত সুরক্ষিত রাখতে নিয়মিত টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার রাখা হয়েছে। জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা।

নির্ধারিত দামে সার নিশ্চিতে নজরদারি

পিরোজপুরের কাউখালীতে চলতি আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখা ও কৃষকদের নির্ধারিত দামে সার দেয়া নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি জোরদার করেছে উপজেলা কৃষি বিভাগ। এ উপলক্ষে নিয়মিত বিসিআইসি ডিলার ও খুচরা সারের দোকানগুলো পরিদর্শন করা হচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার আমন চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সারের কৃত্রিম সংকট এড়াতে সারের মজুদ, মূল্যতালিকা ও রেজিস্টার নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস জানান, কৃষকদের যেন কোনো হয়রানির শিকার হতে না হয়, সে জন্য গতকাল রোববারও বিভিন্ন বাজারে তদারকি চালানো হয়েছে। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।