খুলনায় গুলিবিদ্ধ স্কুলছাত্রী হাসপাতাল ছাড়ার পর থেকে নিখোঁজ

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত স্কুলছাত্রী ইতি চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র নেয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার রাতে আহত হয়ে ভর্তি হওয়ার পর উন্নত চিকিৎসার্থে অন্যত্র যাওয়ার কথা বলে হাসপাতাল ছাড়লেও গতকাল শনিবার বিকেল পর্যন্ত কোনো হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি হননি। বাড়িতেও ফেরেননি। শনিবার পুলিশ তার বাড়িতে গিয়ে মূল ফটক তালাবদ্ধ অবস্থায় পায়।

পুলিশ ও প্রতিবেশী সূত্র জানায়, ইতি রূপসা বহুমুখী বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী এবং নগরীর এক শীর্ষ সন্ত্রাসী আশিকের সৎ বোন। গত জুন মাসের শেষ দিকে সোহেল নামে এক যুবকের সাথে বাড়ি থেকে চলে যাওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী থানা পুলিশ তাকে উদ্ধার করে খুলনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। গত ২ জুলাই তাকে পরিবারের জিম্মায় দেয়া হয়। এর এক দিন পরই গুলির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নগরের রূপসা বেড়িবাঁধ এলাকায় বাড়ির সামনে দু’টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা ইতিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিটি তার বাম হাঁটুর চামড়া ভেদ করে বেরিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার সময় বাড়িতে ইতির তিন বন্ধু ও এক ভাবি উপস্থিত ছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে একটি বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা নেয়ার কথা বলে ইতি হাসপাতাল ত্যাগ করেন। তবে শনিবার সংশ্লিষ্ট হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, সে সেখানে ভর্তি হননি। এরপর পুলিশ বাড়িতে গিয়ে কাউকে পায়নি। সকালে ও দুপুরে দুই দফা বাড়িতে গেলেও মূল ফটকে তালা ঝুলতে দেখা যায় এবং ভেতর থেকেও কোনো সাড়া মেলেনি।