৭ দিনের জাপান সফরে বিরোধীদলীয় নেতা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান ৭ দিনের সফরে জাপানে পৌঁছেছেন।

গতকাল শনিবার ভোর ২টা ৪৫ মিনিটে জাপান সফরের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বিকাল ৩টা ৪৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিরোধীদলীয় নেতা।

বিমানবন্দরে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।

বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

জামায়াত সূত্রে জানা যায়, এ সফরে বিরোধীদলীয় নেতা ইসলামিক মিশন জাপানের উদ্যোগে আগামীকাল ৪ মে বিকেলে রাজধানী টোকিও’র কামিনাকাযাতো এলাকার তাকিনোগাওয়া হলে আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া বিভিন্ন সেমিনার এবং জাপান সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। আগামী ৯ মে তিনি ঢাকায় ফিরবেন।