শিক্ষাব্যবস্থা পরিবর্তনে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী

Printed Edition
জৈন্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ : নয়া দিগন্ত
জৈন্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ : নয়া দিগন্ত

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা

শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা, আধুনিক কারিকুলাম প্রণয়ন এবং কার্যকর মূল্যায়ন ব্যবস্থা চালুর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠগ্রহণ, লেখা ও গণিতের ভিত্তিমূলক দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি নীতিমালা ও মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হতে হবে। শিক্ষক প্রশিক্ষণ, কর্মদক্ষতার মূল্যায়ন (কেপিআই) এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার মান নিয়মিত পর্যবেক্ষণ আরো জোরদার করা হবে। দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা বাজেট বৃদ্ধি এবং আগামী চার বছরের মধ্যে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। প্রতিমন্ত্রী আরো জানান, মাঠপর্যায়ে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নিয়ে ধারাবাহিক কর্মশালা চলছে।

আগামী ১৭ আগস্টের মধ্যে দেশের সব বিভাগে এ কর্মশালা সম্পন্ন হবে।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষাভিত্তিক শিক্ষা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া গেলে মন্ত্রণালয় তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিদ্যালয় পরিদর্শনকালে প্রাথমিক শিক্ষা অধিদফতর, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।