মাদারীপুরে স্বর্ণের ৬ দোকানে ডাকাতি ২টি সিন্দুক লুট

Printed Edition

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার হাউসদি বাজারে সঙ্ঘবদ্ধ ডাকাত দলের দুঃসাহসিক হামলায় ছয়টি স্বর্ণের দোকান ও দুইটি মুদিখানা দোকানে ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। তালা ভাঙতে না পেরে দু’টি দোকানের সিন্দুক ট্রাকে তুলে নিয়ে যায় ডাকাতরা। গত শুক্রবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাপ্তাহিক বন্ধ থাকায় বৃহস্পতিবার রাতেই দোকান বন্ধ করে বাসায় যান ব্যবসায়ীরা। এ সুযোগে মুখোশধারী ডাকাত দল একটি ট্রাকে করে গভীর রাতে বাজারে প্রবেশ করে। প্রথমেই তারা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে সিসিটিভি কার্যক্রম অচল করে দেয়। এরপর ধারাবাহিকভাবে নিউ প্রিয়াংকা জুয়েলার্স, শ্রী শ্রী জগদীশ ঠাকুর জুয়েলার্স, নিউ নারান জুয়েলার্স, ভাগ্যশ্রী জুয়েলার্স, নিউ কনিকা জুয়েলার্স ও মা লক্ষ্মী গহনালয়ের তালা ভেঙে লুটপাট চালায়।

ডাকাতরা প্রায় ৩৫ ভরি স্বর্ণ, এক হাজার ২০০ ভরি রুপা এবং প্রায় তিন লাখ টাকা লুট করে। এ ছাড়া দুটি স্বর্ণের দোকানের সিন্দুকের তালা ভাঙতে ব্যর্থ হয়ে সেগুলো ট্রাকে তুলে নিয়ে যায়। একই সাথে পাশের দু’টি মুদিখানা দোকান থেকেও প্রায় পাঁচ লাখ টাকার সিগারেট ও অন্যান্য পণ্য লুট করা হয়।

ডাকাতির ঘটনা দেখে ফেলায় মিলন মোল্লা (৫৫) নামে এক স্থানীয় বাসিন্দাকে বেঁধে রেখে মারধর করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী সেন্টু মালো জানান, ‘দোকানে গিয়ে দেখি সব শেষ। সিন্দুক খুলতে না পেরে সেটিই নিয়ে গেছে। এতে প্রায় ৩০ ভরি স্বর্ণ ও নগদ টাকা ছিল।’ অপর ব্যবসায়ী পরিমল মালো বলেন, ‘বন্ধক রাখা গয়নাসহ সবকিছু লুট হয়ে গেছে। আমাদের চরম ক্ষতি হয়েছে।’

স্থানীয় ব্যবসায়ী আজগর হাওলাদার বলেন, বাজারে দীর্ঘ দিন কোনো পাহারাদার না থাকায় ডাকাতরা সহজেই এ ঘটনা ঘটাতে পেরেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সিসিটিভিও কার্যকর ছিল না।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। ডাকাতদের গ্রেফতারে পুলিশ ও ডিবি যৌথভাবে অভিযান শুরু করেছে।