ফুটবলে নতুন নিয়ম

Printed Edition

ক্রীড়া ডেস্ক

২০২৬-২৭ মৌসুমে ফুটবলে একাধিক নতুন নিয়ম চালু হচ্ছে। ম্যাচের গতি বাড়ানো এবং অযথা সময়ক্ষেপণ কমানোই এসব পরিবর্তনের মূল লক্ষ্য। ইংল্যান্ডের ফুটবলের বিভিন্ন স্তরে নতুন নিয়মগুলো কার্যকর হবে। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সব পর্যায়ে প্রযোজ্য হবে না। নতুন নিয়ম অনুযায়ী, থ্রো-ইন নিতে কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে দেরি করলে রেফারি পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন শুরু করবেন। সময় শেষ হয়ে গেলে থ্রো-ইনের অধিকার পাবে প্রতিপক্ষ। একইভাবে গোলকিপার গোলকিক নিতে অতিরিক্ত সময় নষ্ট করলে প্রতিপক্ষকে কর্নার দেয়া হতে পারে।

বদলির ক্ষেত্রেও এসেছে নতুন বিধান। মাঠ ছাড়ার সময় একজন বদলি খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে সবচেয়ে কাছের জায়গা দিয়ে বের হতে হবে। নির্ধারিত সময়ের বেশি নিলে নতুন খেলোয়াড় অন্তত এক মিনিট মাঠে প্রবেশ করতে পারবেন না এবং দলকে সাময়িকভাবে ১০ জন নিয়ে খেলতে হবে।

কারাবাও কাপের প্রথম রাউন্ডেই নিয়মটির প্রয়োগ দেখা গেছে। রেক্সহ্যামের বিপক্ষে মিডলসব্রোর উইল ল্যাংশিয়ার দেরিতে মাঠ ছাড়ায় তার বদলি খেলোয়াড়কে সাথে সাথে মাঠে নামতে দেয়া হয়নি।