দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে কুমিল্লার দেবিদ্বারে আহত হওয়া ছাত্রদল নেতা, এক সাংবাদিক ও দুই শিক্ষার্থীসহ চারজনের নাম এখনো সরকারি ‘জুলাই আহত’ তালিকা ও গেজেটে অন্তর্ভুক্ত হয়নি বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, প্রশাসনিক ত্রুটি ও তথ্য সংগ্রহে ঘাটতির কারণে তারা রাষ্ট্রীয় স্বীকৃতি ও সরকারি সহায়তা থেকে বঞ্চিত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দেবিদ্বার সরকারি কলেজ রোড ও আশপাশের এলাকায় আন্দোলনরত ছাত্রজনতার ওপর হামলা ও ছররা গুলি চালানোর ঘটনায় বহু মানুষ আহত হন। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রুবেল হোসেন। এ ছাড়া অসংখ্য আন্দোলনকারী আহত হন, যাদের কয়েকজন পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ভুক্তভোগীদের মধ্যে দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নাজমুল হাসান সরকারের মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলির স্পিøন্টার বিদ্ধ হয়। দীর্ঘ চিকিৎসার পরও তার শরীর থেকে সব স্পিøন্টার অপসারণ সম্ভব হয়নি বলে পরিবার জানিয়েছে। একই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন স্থানীয় সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ। তার দাবি, হামলায় মাথায় গুরুতর আঘাত লাগে, বাঁ কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয় এবং বাঁ পায়ের জয়েন্টে গুরুতর জখম হয়। এ ছাড়া আহত দুই শিক্ষার্থীর একজন কাজী ইয়াছিনের বাঁ হাত গুলিবিদ্ধ হয় এবং অপর শিক্ষার্থী মো: সোহাগের ডান হাত স্পিøন্টারে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে তারা চিকিৎসা চালিয়ে যেতে আর্থিক সঙ্কটে রয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন।



