বৃদ্ধার শেষযাত্রায় শোকে বিহ্বল বাঁদর

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

বৃদ্ধাকে বাঁদরপ্রেমী হিসেবেই চিনতেন তার এলাকার সবাই। গত কয়েক দশক ধরে নিয়ম করে বাঁদরদের খাবার খাওয়াতেন তিনি। এভাবেই সেখনকার গাছে গাছে লাফিয়ে বেড়ানো ‘বানরসেনা’র সাথে গভীর সম্পর্ক তৈরি হয়েছিল তার।

ভারতের কর্নাটকে ৮৫ বছরের সে বৃদ্ধার মৃত্যুতে শোকগ্রস্ত হতে দেখা গেল একটি বাঁদরকে। প্রাণহীন সে বৃদ্ধার মাথার কাছে বসে আছে বাঁদর। এক সময় সে বৃদ্ধাকে দু’হাতে জড়িয়ে ধরে শেষবারের জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে।

প্রতিবেশীদের দাবি, খাবার দেয়ার পাশাপাশি বাঁদরদের আদরে ভরিয়ে দিতেন বৃদ্ধা। পালটা আদর দেখাত পশুরাও। উভয়পক্ষে সম্পর্ক যে উপর উপর ছিল না; ভাইরাল ভিডিওতে তা দেখা গেছে। ভিডিওতে দেখা গিয়েছে, বৃদ্ধার বাড়ির একফালি উঠোনে একটি চৌকিতে মরদেহ রাখা আছে। শেষকৃত্যের আগে আত্মীয়-প্রতিবেশীরা সেখানে জড়ো হয়েছেন। তখনই একটি বাঁদর সেখানে হাজির হয়। সে চৌকিতে বৃদ্ধার মাথার কাছে গিয়ে বসে। এক সময় জড়িয়ে ধরে শেষবারের আদর করে বৃদ্ধাকে। বেশ কিছুক্ষণ ছলছল চোখে তাকিয়ে ‘বন্ধু’র বুকে মাথা রাখে বাঁদরটি। যেন এতদিনের সম্পর্কের কৃতজ্ঞতা প্রকাশ করছে।