মেডিক্যাল সুবিধাসম্পন্ন নতুন জেলে ইমরানকে সরিয়ে নেয়ার আশ্বাস

Printed Edition

এনডিটিভি

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, আগামী দুই মাসের মধ্যে নতুন ইসলামাবাদ জেলের নির্মাণকাজ পুরোপুরি শেষ হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সেখানে স্থানান্তর করা হবে। নতুন ওই কারাগারে চিকিৎসাসংশ্লিষ্ট সুযোগসুবিধা থাকবে বলে শুক্রবার গণমাধ্যমকে নাকভি এসব বলেন।

পাকিস্তানি এ মন্ত্রী বলেছেন, ইসলামাবাদের আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় ইমরানকে রাজধানীর কারাগারেই স্থানান্তর করতে হবে। পাকিস্তানের তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান আদিয়ালা জেলে দীর্ঘসময় নির্জন কারাবাসে থাকার কারণে তার স্বাস্থ্যের ব্যাপক অবনতি হয়েছে এবং দৃষ্টিশক্তিও অনেকটাই কমে গেছে বলে খবর বের হওয়ার পর নাকভির এ মন্তব্য এলো।

সুপ্রিম কোর্টের নিয়োগ দেয়া অ্যামিকাস কিউরি সালমান সাফদারের প্রতিবেদন বলছে, জেল কর্তৃপক্ষের অবহেলার কারণে ইমরান তার ডান চোখের দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ হারিয়ে ফেলেছেন। পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো সাবেক ক্রিকেটার ইমরান তার সমস্যার বিষয়ে বারবার জেল কর্তৃপক্ষকে জানালেও তারা তাতে গা করেনি বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।

ইমরানের সহযোগীদের অভিযোগ, পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনীর তত্ত্বাবধানেই জেলের ভেতর সাবেক প্রধানমন্ত্রীর সাথে এ ধরনের ‘সুপরিকল্পিত, অমানবিক ও বেআইনি আচরণ’ করা হচ্ছে।

এর আগে ইমরানের বোন আলিমা আদিয়ালা জেল সুপারিনটেন্ডেন্ট আব্দুল গফুর আঞ্জুমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছিলেন। পিটিআইয়ের নেতারাও আঞ্জুমের বিরুদ্ধে ইমরানের সাথে অবহেলার অভিযোগ করে যাচ্ছেন।

গত বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের মেডিক্যাল পরীক্ষার জন্য আগামিকাল সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। দেশটির প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি বলেছেন, ইমরানের স্বাস্থ্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই সেখানে হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে। আদালতের দুই সদস্যের বেঞ্চ ইমরানকে অবশ্যই তার সন্তানদের সাথে কথা বলার সুযোগ দেয়া উচিত।