বিশেষ সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ১২ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে। আর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং অফিসারের দফতরে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল এই তফসিল ঘোষণা করেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে ইসির যুগ্মসচিব মো: মঈন উদ্দীন খান ও সহকারী রিটার্নিং অফিসার উপসচিব মোহাম্মদ মনির হোসেনকে।
ঘোষিত তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ৬ অনুযায়ী নির্বাচন কমিশন এতদ্বারা এই তফসিল ঘোষণা করে। মনোনয়নপত্র জমা থেকে ভোটগ্রহণ সবই রিটার্নিং অফিসারের অফিস কক্ষ, নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, ঢাকায় হবে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ২২ থেকে ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ২৬ এপ্রিল।
আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল বেলা ১১টা থেকে শেষ না হওয়া পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শেষ না হওয়া পর্যন্ত। আর ভোটগ্রহণ ১২ মে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।



