উগান্ডার চার বক্সার উধাও

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

২০২৬ কমনওয়েলথ গেমস শেষ হওয়ার পর উগান্ডার বক্সিং দলের চার সদস্যের হদিস পাওয়া যাচ্ছে না। শুধু উগান্ডা নয়, আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের তথ্য অনুযায়ী কয়েকটি দেশের অ্যাথলেটরাও নির্দিষ্ট সময়ে দেশে ফেরেননি। স্কটল্যান্ডের বৃহত্তম শহর গ্লাসগোতে ৭৪টি দেশের প্রায় তিন হাজার অ্যাথলেটের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার পর্দা নামে গত রোববার। টুর্নামেন্ট শেষে গত মঙ্গলবার উগান্ডার অ্যাথলেটদের প্রথম দলটি দেশে ফিরলেও বক্সিং দলের বেশির ভাগ সদস্যই ছিলেন অনুপস্থিত।

উগান্ডা বক্সিং ফেডারেশনের সভাপতি মোসেস মুহাঙ্গি রাজধানী কাম্পালা থেকে বার্তা সংস্থা এএফপিকে জানান, ছয় সদস্যের বক্সিং দলের মাত্র দুজন দেশে ফিরেছেন। অনুপস্থিত চারজনের মধ্যে রয়েছেন দলের অধিনায়ক নুহু বাত্তে, আরো একজন পুরুষ বক্সার এবং দুই নারী বক্সার। দেশে ফিরেছেন উগান্ডার সাবেক শাসক ইদি আমিনের নাতি আজিজ আব্দুল।