নিজস্ব প্রতিবেদক
রাজধানীর লালমাটিয়া ডি ব্লক খেলার মাঠ এলাকায় খেটে খাওয়া মানুষদের দৈনিক ইফতারি করাতে ‘ইফতারি ঘর’ নামে এক বিশেষ উদ্যোগ নিয়েছে সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছওয়াব)। ইফতারি ঘরে রমজান মাসজুড়ে প্রতিদিন ২০০ থেকে ৩০০ মানুষের জন্য বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করা হয়। কেবল সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ পরিচালিত হচ্ছে বলে জানায় ছওয়াব।
জানা যায়, প্রতি দিনের ইফতারিতে থাকে ডিম, খিচুড়ি, মোরগ পোলাও, খেজুরসহ বিভিন্ন আইটেম। অসহায় ও পথচারী মানুষের পাশাপাশি প্রতি দিনই বিভিন্ন শ্রমজীবী মানুষেরা ইফতারি ঘরের ইফতার গ্রহণ করেন। ইফতারির আগ মুহূর্তে সারিবদ্ধভাবে রিকশাচালক, ফুটপাথে আশ্রয় নেয়া অসহায় মানুষ ও বাসাবাড়ির নিরাপত্তাকর্মীসহ, সাধারণ পথচারীরাও যুক্ত হন প্রতিনিয়ত।
ছওয়াব ফাউন্ডেশনের এই আয়োজনে সাধারণ মানুষ অত্যন্ত খুশি। তারা প্রত্যাশা করেন ছওয়াব ফাউন্ডেশন এই কাজ যেন প্রতি বছর চালু থাকে এবং আগামীতে আরো বড় পরিসরে তা বাস্তবায়ন হয়। ছওয়াব ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামানসহ ফাউন্ডেশনের অন্যান্য ব্যক্তিরা উপস্থিত থেকে ইফতার বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।


