নয়া দিগন্ত ডেস্ক
তিন মাথার মোড়। ব্যস্ত রাস্তায় অনবরত ছুটে যাচ্ছে গাড়ি। আচমকাই দুর্ঘটনা। পাগলের মতো তেড়ে এলো একটি ষাঁড়। তাকে তাড়া করে ছুটতে ছুটতে এলো আরো তিনটি। অপর দিক থেকে ধেয়ে আসা একটি স্কুটারে সজোরে ধাক্কা। পড়ে গেলেন গাড়িটির দুই আরোহী। ভারতের উত্তর গোয়ার বার্দেজ তালুকের অ্যাসোনোরা গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে, যার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
খবরে প্রকাশ, স্থানীয় সেন্ট ক্লারা হাই স্কুলের কাছে একটি ব্যস্ত রাস্তার মোড়ে ষাঁড়ের ধাক্কায় একটি চলন্ত স্কুটার উল্টে যায়। রাস্তায় পড়ে যান আরোহীরা। ষাঁড়টিকে তাড়া করে আসছিল আরো তিনটি ষাঁড়। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সংঘর্ষের পর ওই ষাঁড়টি স্কুটারের ওপর গিয়ে বসে পড়ে। স্কুটারে এক ব্যক্তি এবং একজন মহিলা ছিলেন। দু’জনেই আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করেন। আহতদের টেনে বের করে নিরাপদ স্থানে নিয়ে আসেন তারা।
ঘটনাটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই গোয়ার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো গবাদিপশু এবং ষাঁড়ের কারণে পথ নিরাপত্তা সংক্রান্ত ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকরা। তীব্র সমালোচনা করেছেন কেউ কেউ। মানুষ এবং পশু উভয়ের প্রাণহানির আশঙ্কাও করেছেন অনেকে।



