নিহতদের পাঁচজন নারায়ণগঞ্জের

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশীর মৃত্যু

Printed Edition

নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন নারায়ণগঞ্জ এবং একজন মুন্সিগঞ্জের বাসিন্দা বলে স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি। গত সোমবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকের চর গ্রামের মনির হোসেনের ছেলে মো: ফাহিম (২৯), একই গ্রামের আলী মিয়ার ছেলে আপন আহমেদ (২৩), মৃত শরব আলীর ছেলে নুর মোহাম্মদ (৫৫), আলীরটেক ইউনিয়নের তৈলখিরার চর গ্রামের ফারুক হোসেনের ছেলে মো: ফয়সাল (২৬), ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে মো: শাহিন (৩০) এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়া গ্রামের মৃত সালাম বেপারীর ছেলে মো: রাজিক (৫৫)।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সূত্র জানায়, দক্ষিণ আফ্রিকায় কয়েকজন বাংলাদেশীর মৃত্যুর খবর বিভিন্ন মাধ্যমে পাওয়া গেছে। তাদের মধ্যে নারায়ণগঞ্জের পাঁচ বাসিন্দা রয়েছেন বলে জানা গেলেও সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক তালিকা এখনো জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি। বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে।

স্থানীয় সূত্রের দাবি, রাতে একদল সশস্ত্র দুর্বৃত্তের দেয়া আগুনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা বাংলাদেশীরা বের হতে না পেরে আটকা পড়েন। এতে ঘটনাস্থলেই অন্তত ছয় বাংলাদেশীর মৃত্যু হয়।

ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকাহত আলী মিয়া বলেন, ‘আগুনে আমার ছেলে ও আরো কয়েকজন মারা গেছে। আগুন সবকিছু নিয়ে গেছে। এখন তাদের কী অবস্থা, সেটাও ঠিকভাবে জানি না।’ দক্ষিণ আফ্রিকায় থাকা বাংলাদেশী কমিউনিটির সদস্যরা জানান, অগ্নিকাণ্ডের পর উদ্ধার অভিযান চালানো হলেও আগুনের তীব্রতায় হতাহতের সংখ্যা বেড়ে যায়। নিহতদের লাশ শনাক্ত ও দেশে পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে।

আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলী জানান, নিহত ছয়জনের মধ্যে চারজন তার ইউনিয়নের বাসিন্দা এবং তারা সবাই পরস্পরের আত্মীয়। তিনি বলেন, ‘এ খবরে আমরা গভীরভাবে শোকাহত।’ ঘটনার এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো বার্তা পাইনি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও কেউ যোগাযোগ করেনি। আমরা বিষয়টি খোঁজখবর নিচ্ছি।’

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, বিভিন্ন সংবাদমাধ্যম ও অনানুষ্ঠানিক সূত্রে দক্ষিণ আফ্রিকায় নারায়ণগঞ্জের কয়েকজন বাসিন্দার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে সরকারিভাবে এখনো কোনো আনুষ্ঠানিক তালিকা বা নিশ্চিত তথ্য জেলা প্রশাসনের কাছে আসেনি। তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে নিহতদের পরি চয় সরকারিভাবে নিশ্চিত করা এবং লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।