জিম্বাবুয়েতে তিন জাতি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্টে ৪২ বলে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন পাকিস্তানের সামির মিনহাস। শূন্য রানে আউট হয়ে টুর্নামেন্টের শুরু করেছিলেন পাকিস্তানের এই ব্যাটার। আর শেষটা করলেন ভারতের যুব ক্রিকেটার বৈভব সূর্যবংশির রেকর্ড নিজের করে নিয়ে পাকিস্তানের এই ওপেনার।
হারারের ওল্ড হারারিয়ান্স ক্লাব মাঠে গত পরশু ফাইনালে ৯ উইকেটে জিতেছে পাকিস্তান। জিম্বাবুয়ের ১৫৮ রানকে তাড়া করতে নেমে ২০২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে পাকিস্তানের যুবারা। বিস্ফোরক সেঞ্চুরিতে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান মিনহাস। ৫১ বলে পাঁচটি ছক্কা ও ১৭ চারে ১১৪ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ওপেনার। সিরিজে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। আর শতক স্পর্শ করতে ৪২ বল মোকাবেলা করেন মিনহাস।
যুব ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল ভারতের সূর্যবংশির। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি করেন তিনি। সেই বছর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আরেকটি সেঞ্চুরি করেন তিনি ৫৬ বলে।



