চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম মহানগরীর রহমান নগরে পাহাড়ধসে শফিকুল রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রহমান নগর বি-ব্লকে সংঘটিত একই ঘটনায় নিহতের দুই বছর বয়সী মেয়েসহ দু’জন আহত হয়েছেন।
নিহত শফিকুল রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মো: শমিরের ছেলে। জেলা প্রশাসনের পক্ষ থেকে উপর্যুপরি মাইকিং সত্বেও তারা পাহাড়ের খাঁজে ভাড়া বাসা থেকে নিরাপদ স্থানে যাননি। দুর্ঘটনায় শফিকুলের মেয়ে সাইফা ও মনিরা আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম জানিয়েছেন, পাহাড় কাঁচা ঘরের ওপর ধসে পড়লে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অপর দু’জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু সাইফা মাথায় আঘাত পেয়েছে। তাকে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে এবং অপর আহত মনিরাকে ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলেও সূত্র জানায়।



