নয়া দিগন্ত ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ দেশের বিভিন্ন স্থানে আট জন নিহত হয়েছেন।
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজারের চকরিয়ার বরইতলী ইউনিয়নের পেকুয়া সড়ের মোহাজেরপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মাহাবুব (২৮) ও রাসেল (২৫) নামে দুই যুবক নিহত ও সাহেদ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুব ও রাসেল মোহাজেরপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, বরইতলী ইউনিয়নের মোহাজার পাড়া এলাকায় রাস্তার পাশে লাকড়ির স্তূপ করে রাখার কারণে বিপরীত দিক থেকে আসা নোহা গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে মাহবুব নামে একজন নিহত হন। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক রাসেল নামের একজনকে মৃত ঘোষণা করে। আহত সাহেদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পঠানো হয়েছে বলে জানা যায়।
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা জানান, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরবাইক চালক নিহত ও দুই আরোহী আহত হয়েছেন। নিহত মোটরবাইক চালক বীর সিংহ অরফে সাজেস হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের গ্রামটুলী গ্রামের গিরেন্দ চন্দ্র সিংহের পুত্র। হতাহতদের বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে এলে তাদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাৎক্ষণিকভাবে আহতদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম বলেন, থানায় একটি ইউডি মামলা হয়েছে, ঘাতক ট্রাকটি থানায় আটক করা হয়েছে।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে স্বর্ণা খাতুন নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন তার নানী সাজেদা খাতুন। রোববার দুপুরে দামুড়হুদা উপজেলার চিৎলা দেশ ভাটার সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত স্বর্ণা খাতুন (১) মেহেরপুর সদরের সাজেদুল ইসলামেদর মেয়ে।
মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশের খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় পিকআপ চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। নিহত স্কুল ছাত্রীর নাম মোছা: সাদিয়া বকল (১৭)। সে ধনবাড়ী পৌর এলাকার বকলবাড়ীর মো: আবু সাঈদ বকলের মেয়ে।
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা জানান, ঝালকাঠির রাজাপুরে গতকাল রোববার সকালে রাজাপুর সরকারি ডিগ্রি কলেজ গেট এলাকায় বরিশাল-ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে মাদরাসার শিক্ষার্থী সুমনা আক্তার (৬) সড়ক দুর্ঘটনায় মারা গেছে। সুমনা বাইপাস এলাকার রুটি ব্যবসায়ী ফায়ার সার্ভিস এলাকার শহিদুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে প্রতিদিনের মতো রাস্তায় একা বের হলে কোনো একটি গাড়ি সুমনাকে চাপা দিয়ে চলে যায়।
রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে এক ইজিবাইক চালক উদ্ধার করে তাকে রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। খবর পেয়ে সুমনার মা ও আত্মীয়স্বজন স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যায়। সেখান থেকে সুমনাকে বরিশাল শেবাচিমে পাঠায়। শেবাচিমের জরুরি বিভাগের ডাক্তার সুমনাকে মৃত্যু ঘোষণা করেন।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক মোটরসাইকেল আরোহী।
রোববার বিকেলে হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের সাতগাঁও এলাকায় চা-কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) ও তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। আহত সাব্বির (২৫) একই গ্রামের বাসিন্দা। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলের দিকে আসা একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সৌরভ ও নাঈমের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন সাব্বির।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: নাভিদ রাইয়ান বিন শহিদ জানান, আহত তিনজনকে হাসপাতালে আনা হলে দুই তরুণকে মৃত ঘোষণা করা হয়। আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



