ডন
পাকিস্তানে গত ১২ ঘণ্টায় অন্তত ছয়বার ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের মাত্রা ছিল ৪.২ থেকে ৫.৬ এর মধ্যে। প্রথম ভূমিকম্পটি রেকর্ড করা হয় গিলগিট বালটিস্তান প্রদেশে, যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
এরপর গিলগিট শহর থেকে ৫০ কিলোমিটার উত্তরে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। কয়েক ঘণ্টা পর একই স্থানে ফের একই মাত্রার কম্পন অনুভূত হয়। স্থানীয় সময় সকালে মাত্র ১২ মিনিটের ব্যবধানে ৫ মাত্রার দু’টি ভূমিকম্প আঘাত হানে। সবশেষ বেলুচিস্তান প্রদেশের চৌকি জামালি এলাকায় ৪.৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
পাকিস্তানের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গিলগিট, স্কার্দু, পাত্তান, বালাকোট ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে পাঁচটি ভূমিকম্প প্রবণ অঞ্চল তৈরি হয়েছে।


