শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে ৬ সপ্তাহব্যাপী ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) উদ্যোগে গত রোববার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ প্রশিক্ষণ কর্মসূচিতে চরবাগডাংগা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ৩৫ জন বেকার যুবককে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বিজিবি সূত্রে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিজিবি সব সময়ই সীমান্তবর্তী জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নে নানা জনকল্যাণমূলক কাজ করে আসছে। এরই অংশ হিসেবে যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে, যাতে তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর জীবনযাপন করতে পারে। ভবিষ্যতে এই সীমান্ত এলাকায় বিজিবির এমন উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ৫৩ বিজিবির অধিনায়ক লে: কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, বিজিবির অন্যান্য অফিসার ও চরবাগডাংগা বিওপি কমান্ডারসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ, চরবাগডাংগা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা সেখানে অংশ নেন।



