শ্রীপুরে দুই বন্ধুসহ চার জেলায় ৬ জন নিহত

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় গাজীপুরের শ্রীপুরে দুই বন্ধুসহ চার জেলায় ছয়জন নিহত হয়েছেন।

গাজীপুর জেলা প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতরা শরিয়তপুরের জাজিরা উপজেলার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে সোলেমান সিকদার (২২) এবং ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কাওসার হোসেন (২৮)। হাইওয়ে থানা পুলিশ নিহত দুই বন্ধুর লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার মধ্য রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে , সোলেমান সিকদার কেরানীগঞ্জে ব্যবসা ও কাওসার হোসেন চাকরি করতেন। একই এলাকায় বসবাসের সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। দুই বন্ধু ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিল।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান নিহতের স্বজন মোহাম্মদ আলী শান্তর বরাত দিয়ে জানান, তারা চার বন্ধু সোলেমান সিকদার, কাওসার, আরিফ ও সাজ্জাদ ঢাকার কেরানীগঞ্জ থেকে দুই মোটরসাইকেলে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে যাত্রা করে। তারা শ্রীপুরের সীমান্তবর্তী জৈনাবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক কাওসার ও সোলেমানের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিলে তারা মহাসড়কের ওপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই লাশ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গিয়েছে।

শিবচর (মাদারীপুর) সংবাদদাত জানান, মাদারীপুরের শিবচরে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে একটি অটোভ্যান ও একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চাচি ও তার ৯ বছর বয়সী ভাতিজির মৃত্যু এবং অটো ভ্যানচালকসহ আহত হয়েছে অন্তত পাঁচজন।

শুক্রবার দুপুরে শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড ঝিনাইরগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বীথি আক্তার এবং তার ৯ বছর বয়সী ভাতিজি আয়শা আক্তার। তারা পাশের গ্রামের কাদিরপুরে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বীথি আক্তার ও আয়শা আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত হন অটোভ্যানচালকসহ অন্তত পাঁচজন। স্থানীয়রা অটোভ্যান চালককে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।

চট্টগ্রাম ব্যুরো জানান, চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি মোড়ে ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেলে এক নারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে।

নিহত হোসনেরা প্রকাশ হোসনে খাতুন (৪০) শেরপুরের বাসিন্দা। তিনি পেশায় একজন গার্মেন্ট শ্রমিক ছিলেন।

পুলিশ জানায়, ট্যানারি মোড়ে একটি ট্রাক পেছন থেকে ৩ নম্বর রুটের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অপেক্ষমাণ পথচারীদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই হোসনে খাতুনের মৃত্যু হয়। এ সময় মারাত্মকভাবে আহত হয়েছেন রিনা দেবী নামে আরেক গার্মেন্ট শ্রমিক। দুর্ঘটনার পর ট্রাকচালক আনোয়ার ইসলাম খোকনকে আটক করেছে পুলিশ। একই সাথে দুর্ঘটনায় জড়িত বাসটিও জব্দ করা হয়।

নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একটি বাসের চাপায় হাসনা বেগম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চাটখিল-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের জয়াগ বাজারের পশ্চিম পাশে পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত হাসনা পার্শ্ববর্তী চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের মল্লিক বাড়ির মো: হাসানের মেয়ে।

উপজেলার জয়াগ বাজারের পশ্চিমে পোলের পাশে গতকাল শুক্রবার বেলা ১১টায় রাস্তা পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি অজ্ঞাত বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাসের চাপায় শিশুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।