গুলশানে নিষিদ্ধ আ’লীগের মিছিলে অংশ নেয়া ৩২ জন গ্রেফতার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেয়া এবং পুলিশের ওপর ককটেল নিক্ষেপের অভিযোগে গ্রেফতার আসামির সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: আকতার হোসেন শনিবার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

গুলশান থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে ৩ নম্বর সড়কের একটি গলিতে নিষিদ্ধ সংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী জড়ো হয়ে আকস্মিক মিছিল বের করার চেষ্টা করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে এগোলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দু’টি রাবার বুলেট ছুড়লে মিছিলকারীরা পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন এলাকায় তাৎক্ষণিক ও টানা অভিযান চালিয়ে মিছিলে সরাসরি সম্পৃক্ত ৩২ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল জব্দ করা হয়।