নিজস্ব প্রতিবেদক
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেন, গত তিন মাসে সারা দেশে ৮৫৪টি খুনের ঘটনা ঘটেছে। গড়ে প্রতি মাসে খুনের ঘটনা ২৮৪টি এবং প্রতিদিন ৯টির বেশি খুনের ঘটনা ঘটেছে। গণ-অভ্যুত্থানের পরের বছর ২০২৫ সালে এবং তার আগের বছরও তুলনামূলক কম খুন হয়েছে। চলতি বছরের তিন মাসে ডাকাতি হয়েছে ১৩৩টি, ছিনতাই ৪৩৯টি ও চুরির ঘটনা দুই হাজার ৩১৮টি। নারী ও শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে তিন হাজার ৯৪৭টি। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তিন মাসে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১৪৭ বার। এই মাত্রার অপরাধ আসলেই উদ্বেগজনক। এই তিন মাসের দেড় মাস নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালিত হয়েছে। নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পরে আশা করা হয়েছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু আশাব্যঞ্জক কিছু চোখে পড়ছে না; বরং কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে বিভিন্ন থানা ও পুলিশের স্থাপনা থেকে পাঁচ হাজার ৭৬৩টি আগ্নেয়াস্ত্র ও ছয় লাখ ৫২ হাজার ৮ রাউন্ড গুলি লুট হয়েছে। এখন পর্যন্ত এক হাজার ৩২৩টি অস্ত্র উদ্ধার হয়নি। সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক।
বিদ্যমান আইন ও বিচারব্যবস্থার আমূল সংস্কার দরকার দাবি করে তিনি বলেন, অপরাধীর দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে আরো দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।



