বিশ্ববাজারে খাদ্যের মূল্যবৃদ্ধি : ২০২২ সালের পর সর্বোচ্চ

Printed Edition

রয়টার্স

ইউরোপের প্রতিকূল আবহাওয়া, কৃষ্ণসাগরীয় অঞ্চলে যুদ্ধাবস্থা ও আন্তর্জাতিক বাণিজ্যপথে অস্থিরতার জেরে বিশ্ববাজারে চাল ও গমসহ প্রধান খাদ্যপণ্যের দাম বেড়ে ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছে জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

রয়টার্সের বরাতে জানা যায়, ইউরোপের খরা ও প্রখর দাবদাহ, এলনিনোর সম্ভাব্য প্রভাব এবং ইউক্রেন ও ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাবে বাজারে সরবরাহ শঙ্কা দেখা দিয়েছে। এতে তিন বছরের মধ্যে শস্যের দাম এবং এক বছরের মধ্যে চিনির দর সর্বোচ্চ সীমায় উঠেছে। এফএওর খাদ্য মূল্যসূচক জুলাইয়ের ১৩০.৮ থেকে আগস্টে বেড়ে ১৩৩.৩ পয়েন্টে দাঁড়িয়েছে, যা ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ। তবে এটি ২০২২ সালের মার্চে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময়কার রেকর্ড মূল্যমান অপেক্ষা প্রায় ১৭ শতাংশ কম। এফএওর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো জানান, বৈশ্বিক জলবায়ুজনিত সঙ্কট, ভূরাজনৈতিক সঙ্ঘাত ও পরিবহন ব্যবস্থার বিঘœ বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তার জন্য নতুন ঝুঁকি তৈরি করছে। আগস্ট মাসে শস্য, উদ্ভিজ্জ তেল, চিনি, গোশত ও দুগ্ধজাত- সব ক’টি খাতেই মূল্যবৃদ্ধি দেখা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চরম আবহাওয়ার কারণে ইউরোপে ভুট্টা, সুগার বিট ও গবাদিপশুর উৎপাদন নিয়ে যেমন শঙ্কা তৈরি হয়েছে, তেমনি এশিয়ায় পামতেল ও চিনির উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।