নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ডেমরার কোনাপাড়া বালুরমাঠ শামসি গ্যালারির সুইমিংপুলের পানিতে ডুবে মোহাম্মদ সাকিব হোসেন (২২) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি দনিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ আরিফ হোসেন জানান, সাকিব তার একমাত্র সন্তান। এবার দনিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। গতকাল সকালে দনিয়ার বড়বাড়ি এলাকার ৬০০ নম্বর বাসা থেকে বন্ধুদের নিয়ে ডেমরার কোনাপাড়ার বালুরমাঠ শামসি গ্যালারির সুইমিংপুলে গোসল করতে যান তিনি। একপর্যায়ে সাকিব পানিতে ডুবে যান। পরে বন্ধুরা উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে অচেতন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



