লক্ষ্মীপুর প্রতিনিধি
রাষ্ট্র থেকে কেবল সুবিধা নেয়ার মানসিকতা পরিহার করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। গত বৃহস্পতিবার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমাদের মনোজগৎ বলে আমাদেরটাই আগে হোক। সবাই নিজের স্বার্থটাই আগে দেখে। এই মানসিকতার পরিবর্তন আনতে হবে। রাষ্ট্র থেকে শুধু নিতে নয়, দেশকে কিছু দেয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। প্রশাসনের ভালো কাজে সহযোগিতা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।’
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাহাতুজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুশীলসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সংসদীয় আসনের উন্নয়ন তহবিল থেকে অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা হিসেবে চেক, হুইলচেয়ার ও ঢেউটিন বিতরণ করা হয়। এ ছাড়া উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের আওতায় চাহিদাসম্পন্ন নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ১০ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদের হুইপ।



