ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। জুলাইয়ের আকাক্সক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন সমাজ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। বুধবার সন্ধ্যায় ফজলুল হক মুসলিম হলের টিভি রুমে ‘জুলাই-২৪ গণ-অভ্যুত্থান স্মৃতির স্মরণে’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
হলের প্রাধ্য অধ্যাপক ড. মো: ইলিয়াস আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো: আসলাম হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মোফাজ্জল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আবাসিক শিক অধ্যাপক ড. শেখ জহির রায়হান, হল সংসদের ভিপি খন্দকার মো: আবু নাঈম, জিএস ইমামুল হাসান, পাঠক সম্পাদক মো: তায়েফ হোসেন ভূঁইয়া, হল শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মো: আবিদ হাসনাত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বি এম ফাহিম শাহরিয়ার দীপ্ত বক্তব্য রাখেন। জুলাই-২৪ স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: আল আমীন সিকদার অনুষ্ঠান সঞ্চালনা করেন।
ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কথা উল্লেখ করে বলেন, শাসকরা যখন জনগণের সেবকের পরিবর্তে শোষক হয়ে ওঠে, তখন তাদের পতন হয়। ইতিহাস সাক্ষী দেয়, গণ-আকাক্সক্ষাকে উপেক্ষা করে কোনো শক্তিই চিরকাল টিকে থাকতে পারে না। তিনি বলেন, জুলাই বিপ্লবের স্মৃতি রায় জুলাই স্মৃতিস্তম্ভ ও জুলাই কর্নার স্থাপন, জুলাই আন্দোলনে আহতের জন্য টিউশন ফি মওকুফ, সঙ্কলন প্রকাশসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরমতসহিষ্ণুতা, নিয়মানুবর্তিতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেনÑ মো: সিফাত আলী (ফার্মেসি), ফাহিম শাহরিয়ার (প্রাণিবিদ্যা) ও মো: মহসীন উদ্দিন শাফি (গণিত)। বিজ্ঞপ্তি।



