নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকায় এক বৃদ্ধ ও নাটোরের সিংড়ায় এক শিশু নিহত হয়েছে।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেলের চাপায় রফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া মায়ের মসজিদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম উপজেলার জামিরদিয়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রফিকুল ইসলাম মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ করে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের সিংড়ায় মাটিবাহী ট্রাক্টর গাড়ির চাপায় সিফাত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সিঁকি চওড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিফাত হোসেন উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সিঁকি চওড়া গ্রামের সৌদি প্রবাসী হিরো ইসলামের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সিঁকি চওড়া গ্রামে ভেকু গাড়ি দিয়ে মাটি কেটে ট্রাক্টরে মাটি বিক্রয় হচ্ছিল। সেই মাটিবাহী ট্রাক্টরের চাপায় পড়ে নিহত হয় শিশু সিফাত হোসেন।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।



