টেইলর-ট্রাভিসের বিয়ের অন্দরমহল

Printed Edition
টেইলর-ট্রাভিসের বিয়ের অন্দরমহল
টেইলর-ট্রাভিসের বিয়ের অন্দরমহল

বিনোদন প্রতিবেদক

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রূপকথার পরিণতি পেলো পপ কুইন টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসির প্রেম। শুক্রবার নিউ ইয়র্কের বিশ্ববিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বসেছিল এই শতাব্দী সেরা রাজকীয় বিয়ের আসর। গানের সুর আর খেলার মাঠের গর্জনে যে প্রেমের উপাখ্যান শুরু হয়েছিল, তা অবশেষে পেলো এক জাদুকরি পূর্ণতা। যেন কোনো এক বসন্তের রাতে সুরের দেবি আর মাঠের রাজপুত্রের চার হাত এক হলো নিউ ইয়র্কের আলোয় ঝলমলে হৃদপিণ্ডে। জনশ্রুতিকে সত্যি করে রূপকথার এক অনবদ্য বাসর সাজালেন পপ কুইন টেইলর সুইফট এবং এনএফএল সুপারস্টার ট্রাভিস কেলসি।

নবদম্পতি যখন জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন, ঠিক তখনই এমএসজির বাইরের বিশাল জায়ান্ট স্ক্রিনগুলো আলোয় ঝলমল করে ওঠে, যেখানে নিয়ন অক্ষরে লেখা ছিল ‘জাস্ট ম্যারিড’।

টেইলর সুইফটের বিয়ের সবচেয়ে বড় চমক ছিল বিয়ের ‘ম্যারেজ অফিসিয়েন্ট’, তিনি আর কেউ নন হলিউডের বিখ্যাত কমেডিয়ান ও অভিনেতা অ্যাডাম স্যান্ডলার! সুইফটের শেষ অ্যালবামের ‘উইশ লিস্ট’ গানটি স্যান্ডলারের ১৯৯৬ সালের কাল্ট ক্লাসিক ছবি ‘হ্যাপি গিলমোর’ দ্বারা অনুপ্রাণিত ছিল। ট্রাভিস নিজেও এই ছবির সিক্যুয়েলে গত বছর একটি ক্যামিও করেছিলেন। সেই সুবাদেই অ্যাডাম স্যান্ডলার নিউ ইয়র্ক স্টেটের বিশেষ ওয়ান ডে লাইসেন্স নিয়ে এই জুটির বিয়ে সম্পন্ন করান। শুধু তাই নয়, নিজের বিখ্যাত ছবির ‘দ্য ওয়েডিং সিঙ্গার’ স্মৃতি ফিরিয়ে এনে বিয়ের মঞ্চে তিনি টেইলর-ট্রাভিসের জন্য একটি চমৎকার মজাদার ও আবেগঘন গানও গেয়ে শোনান!

বিয়ের পোশাকের কোনো ছবি এখনো পাপারাজ্জিদের হাতে না এলেও জানা গেছে, কনে ও বর উভয়ের পোশাকই তৈরি করেছে বিশ্ববিখ্যাত লাক্সারি ব্র্যান্ড ক্রিশ্চিয়ান ডিওর। ডিওরের নতুন ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন প্যারিসের ঐতিহ্যবাহী স্টুডিওতে টেইলর ও ট্রাভিসের সাথে সরাসরি আলোচনা করে এই মাস্টারপিস পোশাকগুলো তৈরি করেছেন। এটিই কোনো বিশ্বখ্যাত তারকার জন্য অ্যান্ডারসনের ডিজাইন করা প্রথম কোচার ওয়েডিং ড্রেস। কনের পায়ে ছিল ক্রিশ্চিয়ান লুবোটিনের কাস্টম মেড জুতো এবং গয়না হিসেবে তিনি বেছে নিয়েছিলেন রাজকীয় কারটিয়ের জুয়েলারি। অতিথিদের বর্ণনা অনুযায়ী, ট্রাভিস কেলসি পরেছিলেন একটি ধবধবে সাদা কাস্টম টাক্সেডো এবং টেইলর সুইফটের গায়ে ছিল দীর্ঘ এক ভেইলসহ সাদা রঙের গাউন।