মৌলভীবাজার প্রতিনিধি
উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেও শেষ পর্যন্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান। ইউক্রেনে ড্রোন হামলায় রুশ বাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
নিহত মুহিবুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের বাসিন্দা এবং মসুদ মিয়ার ছেলে। গত শুক্রবার তার মৃত্যুর বিষয়টি স্বজনরা নিশ্চিত করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, এইচএসসি পাসের পর উচ্চশিক্ষার জন্য তিন বছর আগে মেক্সিকোতে যান মুহিবুর। কিন্তু ভিসা জটিলতায় সেখানে অবস্থান অনিশ্চিত হয়ে পড়লে তিনি দালাল চক্রের খপ্পরে পড়েন। দালালরা তাকে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিলে ভালো বেতন ও ভবিষ্যতে নাগরিকত্বের প্রলোভন দেখায়। পরে তিনি রাশিয়ায় গিয়ে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সম্মুখ যুদ্ধে অংশ নেন।
স্থানীয় বাসিন্দা সেলিম আহমদ জানান, ‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখা এক তরুণ পরিস্থিতির শিকার হয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। দীর্ঘদিন যুদ্ধ করার পর ড্রোন হামলায় তার মৃত্যু হয়।’ পরিবারের দাবি, একটি বাংকারে অবস্থানকালে ইউক্রেনীয় ড্রোন হামলায় সেটি ধ্বংস হলে মুহিবুর নিহত হন। তবে সুনির্দিষ্ট মৃত্যুর তারিখ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে নিহতদের লাশ দেশে ফেরত আনা কঠিন হয়ে পড়েছে। এতে পরিবারে শোকের পাশাপাশি বাড়ছে উৎকণ্ঠা। নিহতের ছোট ভাই হাবিবুর রহমান বলেন, আমার ভাই-ই ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। আমরা তার লাশ দেশে আনার পাশাপাশি যথাযথ ক্ষতিপূরণ চাই।
মৌলভীবাজার সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নেয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন জানান, বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উচ্চশিক্ষার স্বপ্ন ভেঙে অকালে প্রাণ হারানো মুহিবুরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



