পবায় বিএসটিআই ছাড়াই খাদ্য উৎপাদন, বেকারিকে জরিমানা

Printed Edition

রাজশাহীর পবা উপজেলায় বিএসটিআইর অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে দুটি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

বিএসটিআই সূত্রে জানা গেছে, নওহাটা এলাকার তাজ বেকারি অ্যান্ড কনফেকশনারিতে গুণগত মান সনদ গ্রহণ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বায়া বাজার এলাকার সামিউল খালেক বেকারিকে গুণগত মান সনদ গ্রহণ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন ও বিক্রির দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহরিয়ার ইসলাম নাসিফ ও সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে রাজশাহী মহানগর পুলিশের সদস্যরা সহায়তা করেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। বিজ্ঞপ্তি।