ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্তির আদেশে হাইকোর্টের রুল
নোয়াখালীর ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের দেয়া আদেশের ওপর রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে মন্ত্রণালয়ের ওই অফিস স্মারকের কার্যকারিতাও স্থগিত করা হয়েছে। হাতিয়া দ্বীপ সমিতির পক্ষে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. মুহাম্মাদ সাজ্জাদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান। রুলে ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করার নির্দেশনা সংবলিত গত ১৩ জানুয়ারির অফিস স্মারকটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এর আগে হাতিয়া দ্বীপ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন গত ফেব্রুয়ারি মাসে রিটটি দায়ের করেন। উল্লেখ্য, ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক কারণে ভাসানচরকে নোয়াখালীর হাতিয়া উপজেলার অংশ হিসেবে দাবি করে আসছে স্থানীয় বাসিন্দারা। ভূমি মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তের ফলে দুই উপজেলার সীমানা নিয়ে আইনি লড়াই শুরু হলো। হাইকোর্টের এই আদেশের ফলে ভাসানচরের প্রশাসনিক অন্তর্ভুক্তি নিয়ে বর্তমানে স্থিতাবস্থা বিরাজ করছে। হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা।
চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত
ঢাকা-ময়মনসিংহ রেলপথে গফরগাঁওয়ে চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের ছাদে আব্দুল করিম (২২) নামের এক যুবককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে। আহত আব্দুল করিম জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, তিনি দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন। ট্রেনটি কাওরাইদ স্টেশনে প্রবেশের আগমুহূর্তে কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। এ সময় তার ঘাড় ও পেটে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। ঘটনা টের পেয়ে অন্য যাত্রীরা কাওরাইদ স্টেশন থেকে আহত অবস্থায় তাকে ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে তুলে দেন। পরে ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা।
রাবিতে ছাত্রদল নেতাকে পেটালেন কর্মী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সিগারেট ধরাতে নিষেধ করার জেরে বহিরাগতদের নিয়ে এক সিনিয়র ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে একই সংগঠনের এক কর্মীর বিরুদ্ধে। গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী নেতার হাত ও শরীরের বিভিন্ন অংশ জখম হয়েছে। মারধরের শিকার শিক্ষার্থীর নাম শাওন। তিনি গ্রাফিক ডিজাইন ডিসিপ্লিনের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক। অভিযুক্ত আকাশ একই বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী। প্রক্টর দফতরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শাওন মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় আকাশসহ কয়েকজন তার পথরোধ করেন। এরপর হঠাৎ তাকে কিল-ঘুষি মেরে মোটরসাইকেল থেকে ফেলে দেয়া হয়। শাওনের অভিযোগ, আকাশ প্রথম বর্ষে ভর্তির পর একদিন চারুকলা মঞ্চে সিনিয়র শিক্ষার্থীদের সামনে সিগারেট খাচ্ছিলেন। তখন শাওন তাকে নিষেধ করেন। এ ছাড়া আকাশ বিভিন্ন অপকর্মে শাওনের নাম ব্যবহার করতেন বলেও অভিযোগ রয়েছে। এসব ঘটনার জেরে বহিরাগতদের নিয়ে তার ওপর হামলা করা হয়। এ ঘটনায় জড়িত এক বহিরাগতকে আটক করে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে সিনিয়র শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে এক বহিরাগতকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পর্যালোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রাবি প্রতিনিধি।
মালয়েশিয়ায় গাড়িচাপায় সরাইলের যুবক নিহত
মালয়েশিয়ার কুয়ালালামপুরে গাড়িচাপায় মোজাহিদ মিল্লাত (২৮) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ভোরে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ও তার স্ত্রীকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাহিদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের বাছির মিয়ার বড় ছেলে। তিনি পেশায় একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন এবং সস্ত্রীক সিলেটে বসবাস করতেন। সম্প্রতি স্ত্রী তাবাসসুম আবিদাকে নিয়ে পর্যটক হিসেবে মালয়েশিয়ায় ঘুরতে গিয়েছিলেন তিনি। দুর্ঘটনায় মোজাহিদ ঘটনাস্থলেই প্রাণ হারান এবং তার স্ত্রী গুরুতর আহত হন। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘাতক গাড়িটি মালয়েশিয়ার এক সেনা কর্মকর্তার ছিল। অভিযোগ উঠেছে, ওই কর্মকর্তা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। মালয়েশিয়া পুলিশ অভিযুক্ত সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে। সন্তান হারিয়ে মোজাহিদের বাবা-মা এখন বাকরুদ্ধ। বাবা বাছির মিয়া বলেন, মালয়েশিয়া থেকে ফিরে মোজাহিদের বাড়ি আসার কথা ছিল। আমি আমার ছেলের হত্যাকাণ্ডের বিচার চাই। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক আবু সাঈদ জানান, লাশ দেশে আনা ও অন্যান্য প্রয়োজনে মোজাহিদের পরিবার চাইলে প্রশাসন থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।
শেরপুরে দেয়াল ভেঙে ৬টি গরু চুরি
বগুড়ার শেরপুরের বিশালপুর ইউনিয়নের কহিতকুল গ্রামে আব্দুল ওয়াহাব নামের এক কৃষকের গোয়াল ঘরের দেয়াল ভেঙে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র এ ঘটনা ঘটায়। চুরি হওয়া গরুগুলোর মধ্যে দু’টি গাভী কয়েক দিনের মধ্যেই বাচ্চা দিত বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল ওয়াহাব বলেন, দীর্ঘদিন ধরে তিনি গরু পালন করে সংসার চালিয়ে আসছিলেন। রোববার রাতে প্রতিদিনের মতো গরুগুলো গোয়াল ঘরে রেখে পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোর চক্র পরিকল্পিতভাবে গোয়াল ঘরের দেয়াল ভেঙে ও তালা কেটে ছয়টি গরু নিয়ে যায়। তিনি আরো জানান, চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৮ থেকে ৯ লাখ টাকা। এক রাতেই সর্বস্ব হারিয়ে তিনি এখন দিশেহারা। এ ঘটনায় এলাকার খামারি ও কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসীরা জানান, সম্প্রতি বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বেড়েছে, ফলে খামারি ও কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চোরচক্র শনাক্তে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন। শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু ও চুরি হওয়া গরু উদ্ধারে কাজ করছে। শেরপুর (বগুড়া) সংবাদদাতা।
মাধবদীতে যুবককে কুপিয়ে জখম, বাড়িতে আগুন
নরসিংদীর মাধবদীতে প্রেমঘটিত বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার পর প্রতিশোধমূলক হামলায় প্রেমিকার পরিবারের চারটি বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। গত রোববার রাতে পৌর এলাকার খরমুদ্দি মহল্লায় এ ঘটনা ঘটে। আহত সাজ্জাদ হোসেন (২৪) মাহতাব মিয়ার ছেলে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার এক কিশোরীর সাথে সাজ্জাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকায় দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। রোববার রাতে প্রেমিকার ভাই ও স্বজনরা সাজ্জাদকে স্থানীয় একটি দোকানের পাশে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে সাজ্জাদের স্বজনরা প্রেমিকার নিজ বাড়িসহ তার দুই চাচা ও এক ফুফুর মোট চারটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। মাধবদী ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় বাধার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। মাধবদী থানার ওসি কামাল হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। মাধবদী (নরসিংদী) সংবাদদাতা।



