বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে কৌশলগত সহযোগিতা গড়ে উঠল, যা জাতীয় গবেষণা, টেকসই উদ্ভাবন এবং বিজ্ঞান-প্রযুক্তি ও টেক্সটাইল খাতে দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তির আওতায় টেকসই টেক্সটাইল, বায়োম্যাটেরিয়াল, স্মার্ট ও কম্পোজিট ম্যাটেরিয়াল, প্রাকৃতিক রঙ, পুনর্ব্যবহার প্রযুক্তি এবং পরিবেশবান্ধব প্রসেসিং বিষয়ে যৌথ গবেষণা পরিচালিত হবে। পাশাপাশি দুই প্রতিষ্ঠান বৈজ্ঞানিক সম্মেলন, সেমিনার, কর্মশালা এবং শিক্ষক-গবেষক-শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ আয়োজন করবে।
এমওইউ অনুযায়ী উভয় প্রতিষ্ঠান বৈজ্ঞানিক উপকরণ, ল্যাবরেটরি সুবিধা ও গবেষণা সম্পদ পরস্পরের জন্য উন্মুক্ত করবে এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে যৌথ গবেষণা তত্ত্বাবধান করবে। অংশীদারিত্বটি পণ্য উদ্ভাবন, ফাংশনাল টেক্সটাইল উন্নয়ন এবং শিল্প উৎপাদনপ্রক্রিয়া আধুনিকায়নে নতুন সম্ভাবনা তৈরি করবে, যা জাতীয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নেও সহায়ক হবে। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিসিএসআইআর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। তিন বছর মেয়াদি এ চুক্তি পারস্পরিক সম্মতিতে নবায়নযোগ্য। উভয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ জানান, এই সহযোগিতা নতুন গবেষণা উদ্যোগ, মেধাস্বত্ব সুরক্ষা ও একাডেমিক-শিল্প সম্পর্ককে আরো শক্তিশালী করবে, যা দেশের প্রযুক্তি ও শিল্প খাতের অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে। বিজ্ঞপ্তি।



