দেবীগঞ্জে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি

Printed Edition

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন, ছাগল এবং শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় তিনটি বাইসাইকেল, দু’টি সেলাই মেশিন ও ৬০টি ছাগল বিতরণ করা হয়। এ ছাড়া ১৮ জন শিক্ষার্থীর মধ্যে তিন স্তরে মোট ৭৪ হাজার টাকার শিক্ষাবৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি অনুদান ও সহায়তা প্রদানের ক্ষেত্রে দল-মত নির্বিশেষে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

ইউএনও ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আক্তার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবদুল গনী বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেলসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা।