সবখানেই কিন্তু মেসি শীর্ষে নন

Printed Edition
প্র্যাকটিসে মগ্ন বিশ্বকাপে সর্বোচ্চ ১৮ গোল দেয়া লিওনেল মেসি : ইন্টারনেট
প্র্যাকটিসে মগ্ন বিশ্বকাপে সর্বোচ্চ ১৮ গোল দেয়া লিওনেল মেসি : ইন্টারনেট

ক্রীড়া প্রতিবেদক

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার দু’টি ম্যাচে হ্যাটট্রিকসহ পাঁচ গোলই বলে দিচ্ছে সব কিছু। অস্ট্রিয়ার সাথে পেনাল্টি শট বাইরে না মারলে হয়তো পরপর দুই খেলায় হ্যাটট্রিকের বিরল ও দুর্লভ কৃতিত্বের অধিকারী হতেন এই আর্জেন্টাইন গ্রেট। গত ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করার পরও দুই গোল করে জার্মানির মিরোসøাভ ক্লোসা (১৬) আর ব্রাজিলের রোনাল্ডোকে (১৫) টপকে মেসি বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক ১৮ গোলের নতুন রেকর্ড স্থাপন করেছেন। তবে ম্যাচ পিছু গোলের হিসেবে মেসি; কিন্তু শীর্ষে নন। তিনি পেছনে রয়েছেন গার্ড মুলার, কিলিয়ান এমবাপ্পে ও রোনাল্ডো নাজারিওর।

ফুটবল মেধা ও প্রতিভায় মুগ্ধ কোটি ফুটবল অনুরাগী। একজন ফুটবলারের পক্ষে যত ভালো খেলা সম্ভব, যতটা স্কিল থাকা বাঞ্ছনীয় তার সবটুকুই আছে মেসির। তবে গোল করার দক্ষতা ও সামর্থ্যও যে তার অনেক বেশি, সেই সত্যও প্রতিষ্ঠিত। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার কৃতিত্বটাও তার দখলে। পরিসংখ্যান জানাচ্ছে, অস্ট্রিয়ার সাথে ম্যাচটিসহ ছয়বার বিশ্বকাপে অংশ নেয়া মেসি ২৮ ম্যাচে ১৮ গোলের কৃতিত্ব দেখান। এর মধ্যে ২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে একটি মাত্র গোল করেছিলেন। ২০১০ সালে কোনো গোল করতে পারেননি। ২০১৪ সালে তার গোল ছিল ৪টি। ২০১৮ তে তার পা থেকে আসে একটি মাত্র গোল। ২০২২ সালে মেসি করেন ৭ গোল। আর এবার ২ ম্যাচের প্রথমটিতে হ্যাটট্রিকসহ ৫ গোল করে ফেলেছেন। অর্জন ও কৃতিত্ব অনেক বড়। তাইতো মেসি এখন ভক্ত, সমর্থক ও ফুটবল অনুরাগীদের প্রশংসার সাগরে ভাসছেন।

বিশ্বকাপের ইতিহাসে এখন সর্বাধিক গোলের কৃতিত্বের অধিকারী হলেও ম্যাচ গড়ে গোলের হিসেবে মেসি এক নম্বরে থাকেননি। ম্যাচ পিছু গোল করার কৃতিত্বে সবার ওপরে আছেন জার্মানির দুর্দান্ত স্ট্রাইকার গার্ড মুলার। ১৯৭০ ও ১৯৭৪ সালে মাত্র ২টি বিশ্বকাপে অংশ নিয়ে ১৩ ম্যাচে ১৪ গোল করে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন ১৯৭৪ সালের বিশ্বকাপে জার্মানির বিশ্বকাপ বিজয়ের অন্যতম রূপকার গার্ড মুলার। এর মধ্যে ১৯৭০ সালে মুলার ১০ গোল করে হইচই ফেলে দেন। আর ৭৪ সালে তার গোল ছিল ৪টি। ম্যাচ পিছু গোল করার কৃতিত্বে গার্ড মুলারের পরপরই আছেন ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে। তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে আসা ফ্রান্সের এই অসাধারণ প্রতিভাবান প্লেয়ার ম্যাচ পিছু একটি করে গোল দিয়ে ১৬ খেলায় করেছেন ১৬ গোল। আসর অনুযায়ী তিন বিশ্বকাপে এমবাপ্পের ১৬ গোল যথাক্রমে ২০১৮ (৪টি), ২০২২ (৮টি) ও ২০২৬ (২ খেলায় ৪ গোল)।

ম্যাচ পিছু গোল করায় গার্ড মুলার ও এমবাপ্পের পর তৃতীয় স্থানে আছেন ব্রাজিলের স্ট্রাইকার রোনাল্ডো নাজারিও। চারবার বিশ্বকাপে অংশ নিয়ে ১৯ খেলায় ১৫ গোল করেছেন রোনাল্ডো। ১৯৯৪ সালে কোনো গোল নেই, ১৯৯৮ সালে ৪টি, ২০০২ সালে ৮টি ও ২০০৬ সালে ৩টি। এছাড়া জার্মানির দুর্দান্ত স্ট্রাইকার মিরোসøাভ ক্লোসা বিশ্বকাপে ১৬ গোল করতে খেলেছেন ২৪ ম্যাচ। মোট বিশ্বকাপ : ৪টি, ম্যাচ খেলেছেন: ২৪টি, গোল: ১৬টি। এর মধ্যে ২০০২ এ ৫টি, ২০০৬ এ ৫টি, ২০১০ এ ৪টি, ২০১৪ তে ২টি। স্পষ্টতই : বিশ্বকাপের মাঠে সর্বাধিক গোলদাতার আসনে আসীন হলেও আর্জেন্টিনার লিওনেল মেসি কিন্তু ম্যাচ পিছু গোল করায় এখনো বেশ পেছনে। কাজেই ফুটবলার মেসিকে পেলে ও ম্যারাডোনার সাথে তুলনা করা গেলেও স্কোরার মেসি এখনো সবচেয়ে দক্ষ ও সেরা তা বলার অবকাশ নেই। বরং সেই কৃতিত্বে গার্ড মুলারই সবার সেরা। এমবাপ্পে, রোনাল্ডোর পরই মেসির অবস্থান।