সিলেট ব্যুরো
সিলেটের শহরতলীতে তর্ক-বিতর্কের জেরে ইটের আঘাতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকার মোকামেরগুলে এই ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুর রহমান (৬৫)। তিনি খাদিমপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও শাহ সুন্দর মাজারের খাদেম ছিলেন।
বুধবার সন্ধ্যায় ইটের আঘাতে তিনি আহত হন এবং ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সড়কের পাশে প্রস্রাব করছিলেন স্থানীয় বখাটে যুবক সুমন আহমদ। এতে আব্দুর রহমান আপত্তি জানালে দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে আব্দুর রহমান প্রস্রাবকারী ওই ছেলেকে মারধর করেন। এ সময় সুমন ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় তাকে ও সুমনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান মারা যান এবং কোনো এক সময়ে হাসপাতাল থেকে পালিয়ে যান ঘাতক সুমন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাতক সুমন একসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল এবং এলাকায় তার বিরুদ্ধে চুরি-ডাকাতিসহ নানা অভিযোগ রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে আব্দুর রহমান মারা যান। আর সুমন চিকিৎসাধীন অবস্থায়ই কোনো এক সময় হাসপাতাল থেকে পালিয়ে যান। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুমনকে গ্রেফতারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে।



