টেস্ট খেলতে ঢাকায় বাবর আজম

Printed Edition

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) জয়ের উচ্ছ্বাসের মধ্যেই নতুন দায়িত্বে মনোযোগ দিতে হয়েছে বাবর আজমকে। ফাইনালে তার নেতৃত্বে পেশোয়ার জালমি পিএসলের শিরোপা জয় করেছে। তবে জয়টা উদযাপন করার সুযোগ পাননি তিনি। কারণ, সামনে রয়েছে বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ।

সিরিজে অংশ নিতে পরশু (৪ মে) গভীর রাতে ঢাকায় পৌঁছান বাবর আজম। একই ফ্লাইটে ছিলেন পাকিস্তান টেস্ট স্কোয়াডের আরেক সদস্য খুররম শাহজাদ। পিএসএল ফাইনালে ব্যস্ত থাকার কারণে দলের অন্য সদস্যদের তুলনায় তাদের আগমন কিছুটা দেরিতে হয়েছে। এর আগে ভোরেই পাকিস্তান দলের অন্য সদস্যরা বাংলাদেশে পৌঁছে প্রস্তুতি শুরু করেন।

সদ্যসমাপ্ত পিএসএলে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বাবর আজম। ১১ ইনিংসে দুই সেঞ্চুরি ও তিন অর্ধশতকের সাহায্যে তিনি ৫৮৮ রান সংগ্রহ করেন, যা তাকে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকে পরিণত করে। শুধু তাই নয়, পিএসএলের ইতিহাসে এক আসরে এত রান করার রেকর্ডও গড়েছেন তিনি। এই দুর্দান্ত ফর্ম বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে পাকিস্তানের জন্য বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ সফরে পাকিস্তান দলের নেতৃত্বে থাকবেন শান মাসুদ। দলে রয়েছেন ইমাম-উল-হক, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলীসহ অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৮ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেটে।

পিএসএলের সফলতা পেছনে রেখে এখন পুরো মনোযোগ টেস্ট ক্রিকেটে দিতে চাইছেন বাবর আজম। বাংলাদেশের কন্ডিশনে তার পারফরম্যান্স কেমন হয়- সেটিই এখন দেখার বিষয়।