পটুয়াখালী-৩ আসনে উত্তেজনা

নুর ও মামুনের একাধিক কর্মসূচিতে প্রশাসনের লাগাম

Printed Edition

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নির্বাচনী এলাকায় সঙ্ঘাতের আশঙ্কায় বিএনপির জোট প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের একাধিক নির্বাচনী কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ করেছে প্রশাসন। একই দিনে একই স্থানে ঘোষিত কয়েকটি কর্মসূচি স্থগিত করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী গত শুক্রবার রাতে এ বিষয়ে লিখিত আদেশে স্বাক্ষর করেন। আদেশটি শনিবার প্রকাশ পায়। আদেশের কপি দুই প্রার্থীকে দেয়া হয়েছে।

রিটার্নিং অফিসারের আদেশে বলা হয়, গত শনিবার বিকেল ৪টায় গলাচিপা উপজেলার চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের একই স্থানে নুরুল হক নুর ও হাসান মামুন পৃথকভাবে নির্বাচনী কর্মসূচির ঘোষণা দেন। এ ছাড়া আগামী ৪ ফেব্রুয়ারি রতনদীতালতলী ইউনিয়নের কাটাখালী বাজারসংলগ্ন শরীফবাড়ি এলাকায়, ৫ ফেব্রুয়ারি গজালিয়া ইউনিয়নের আদানী বাজারে এবং ৬ ফেব্রুয়ারি গলাচিপার খারিজ্জমা কলেজ মাঠ ও বকুলবাড়িয়া ইউনিয়নে উভয় প্রার্থীর কর্মসূচি একই সময়ে নির্ধারিত করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, এসব কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জেলা পুলিশের বিশেষ শাখা এবং গলাচিপার সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও পৃথক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করেন। রিটার্নিং অফিসার জানান, গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একাংশ নুরুল হক নুরের পক্ষে এবং আরেক অংশ হাসান মামুনের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এতে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। চিঠিতে আরো বলা হয়, গত ২৬ জানুয়ারি দশমিনা উপজেলার চরবোরহান এলাকায় সংঘর্ষের ঘটনায় দশমিনা থানায় দু’টি মামলা হয়। পরদিন গলাচিপার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় সংঘর্ষের ঘটনায় গলাচিপা থানায় আরো দু’টি মামলা হয়। একই সাথে দুই প্রার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

রিটার্নিং অফিসার বলেন, একই দিনে একই স্থানে পাশাপাশি কর্মসূচি হলে অনিয়ন্ত্রিত উত্তেজনা সৃষ্টি হয়ে সঙ্ঘাতের আশঙ্কা থাকে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

আদেশে বলা হয়, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী অনুমতি ছাড়া একতরফা কর্মসূচি পালন বিধিমালার লঙ্ঘন। তাই প্রার্থীদের প্রশাসনের অনুমতি নিয়ে কর্মসূচি পালনের নির্দেশ দেয়া হয়েছে।’

এ বিষয়ে নুরুল হক নুর বলেন, তিনি আগে কর্মসূচির তালিকা জমা দিলেও পরে একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করা হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বিবেচনায় প্রশাসন কর্মসূচি স্থগিত করেছে। এ বিষয়ে জানতে হাসান মামুনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

গলাচিপার সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও মাহমুদুল হাসান বলেন, সঙ্ঘাতের আশঙ্কায় কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।