যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের রাতে গোলাগুলিতে ৪ শিশুসহ জখম ৮

Printed Edition

রয়টার্স

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের রাতে নিউ ইয়র্ক নগরীর কোনি আইল্যান্ডে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে, যাতে চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। নিউ ইয়র্ক নগরী পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বরাতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ। এনওয়াইপিডির দেয়া বিবৃতি অনুযায়ী, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের ওয়েস্ট ৩১ স্ট্রিটে গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আহতদের মধ্যে দু’জন পুরুষ, দুজন নারী এবং চারজন শিশু রয়েছে, যাদের বয়স ৬ থেকে ১৪ বছরের মধ্যে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে চিকিৎসাধীন সাতজনের অবস্থা স্থিতিশীল থাকলেও ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হলেও এখন পর্যন্ত এই হামলার ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এবং এই বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলে নিউ ইয়র্ক পুলিশের কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।