এইচএসসি পরীক্ষা কয়েক দিন পেছানোর অনুরোধ জানালেন রিজভী

Printed Edition
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন রুহুল কবির রিজভী :  নয়া দিগন্ত
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন রুহুল কবির রিজভী : নয়া দিগন্ত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে বর্তমানে এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে। বন্যা-বৃষ্টির কারণে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে খুব অসুবিধা হচ্ছে। জনদাবির প্রতি সমর্থন জানিয়ে এইচএসসি পরীক্ষা কয়েক দিন পেছাতে আমি শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানাই।’

গতকাল চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউপির বাঁশখালা গ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে কোমর সমান পানি ছিল। এখানে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। প্রাণিসম্পদ নষ্ট হয়েছে। খাল, নদীগুলো প্রবাহিত ও সতেজ থাকলে এই অবস্থা সৃষ্টি হতো না। একটি খসড়া হিসাব অনুযায়ী বাঁশখালীতে ৩০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সিভিল সার্জন ও স্থানীয় প্রশাসনের সাথে ভার্চুয়ালি কথা বলেছেন।

বাঁশখালীর বন্যা পরিস্থিতি নিজেই পর্যবেক্ষণ করছেন। বিশ্বের জলবায়ু পরিস্থিতি যাতে ক্ষতি না করতে পারে সে জন্য প্রধানমন্ত্রী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন।

এ সময় ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, স্থানীয় এমপি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামরুজ্জামান, পুলিশ সুপার মাসুদ আলম, জেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, ইউএনও রুহুল আমিন, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, এসিল্যান্ড ওমর সানী আকন, ওসি রবিউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।