ঈদ উপলক্ষে ট্রেনে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে যুক্ত বিশেষ কোচের নারী যাত্রীদের আনুষ্ঠনিক বিদায় জানানোর মধ্য দিয়ে প্রথমবারের মতো নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার এই বিশেষ কোচ সার্ভিসের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো: নাজমুল হাসান, মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) সুবক্তগীন, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার, ঢাকাসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা যাত্রীদের সাথে কুশলবিনিময় করেন এবং তাদেরকে ঈদের শুভেচ্ছা জানান। নারী যাত্রীরা নিজেদের জন্য আলাদা কোচ পেয়ে রেল কর্তৃপক্ষের কাছে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এমন উদ্যোগের জন্য সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

গতকাল সোমবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গতকাল ঢাকায় পৌঁছানোর পর সংযুক্ত বিশেষ কোচের নারী যাত্রীদের স্বাগত জানাবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম। সরকারের বিশেষ নির্দেশনার পর ঢাকা-সিলেট-ঢাকা রুটে জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ননস্টপ সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ সংযুক্ত করে এই সার্ভিস চালু করা হয়েছে। আগামী বুধবার পর্যন্ত এই সার্ভিস অব্যাহত থাকবে।