ঢাকায় হাইকমিশনে পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন

Printed Edition
ঢাকায় পাকিস্তানের হাইকমিশনে কেক কেটে দেশটির স্বাধীনতা দিবস উদযাপন করা হয়  : নয়া দিগন্ত
ঢাকায় পাকিস্তানের হাইকমিশনে কেক কেটে দেশটির স্বাধীনতা দিবস উদযাপন করা হয় : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

ঢাকায় পাকিস্তান হাইকমিশনে দেশটির স্বাধীনতা দিবস পালিত হয়েছে। শুক্রবার জাতীয় সঙ্গীতের সুরে হাইকমিশনার ইমরান হায়দার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এতে বাংলাদেশে বসবাসরত পাকিস্তানি নাগরিক, বাংলাদেশী বন্ধু ও শুভানুধ্যায়ী, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাকিস্তানের আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরিফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দারের বাণী পাঠ করা হয়।

বাণীতে পাকিস্তানের স্বাধীনতা অর্জনে কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ, আল্লামা মুহাম্মদ ইকবাল ও পাকিস্তান আন্দোলনের কর্মীদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্বাধীনতার পর শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের অর্জনের কথাও তুলে ধরা হয়।

দেশের উন্নয়ন ও প্রতিষ্ঠাতাদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্য, বিশ্বাস ও শৃঙ্খলার নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে ‘অপারেশন মারক-ই-হক’-এর সাফল্যের কথা উল্লেখ করে পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিতে পাকিস্তানের ভূমিকা অব্যাহত রাখার কথা বলা হয়।

এ ছাড়া জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি সংহতি জানিয়ে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও কাশ্মিরিদের আকাক্সক্ষার আলোকে বিরোধটির সমাধানের প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। আফগানিস্তানের মাটি থেকে পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষে হাইকমিশন আয়োজিত ‘পাকিস্তানের ঐতিহাসিক স্থান’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশ নেয়া বাংলাদেশী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পাকিস্তানের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।