চৌদ্দগ্রামে অনিয়মে রাজি না হওয়ায় সাব রেজিস্ট্রার লাঞ্ছিত

Printed Edition

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে দলিল রেজিস্ট্রি করতে রাজি না হওয়ায় সাব রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) তারেক মাহমুদকে লাঞ্ছিত করে অফিস থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারদের বিরুদ্ধে। গত সোমবার দুপুরে চৌদ্দগ্রাম বাজার সাব রেজিস্ট্রি অফিসে এ ঘটনা ঘটে। এ সময় সাব রেজিস্ট্রার চলে যাওয়ায় দলিল রেজিস্ট্রি বন্ধ হয়ে যায় এবং দূরদূরান্ত থেকে আসা নারী-পুরুষ সেবা না পেয়ে ফিরে যান।

অভিযোগ রয়েছে, চৌদ্দগ্রাম দলিল লেখক সমিতির সভাপতি শাহনেওয়াজ শাহীন ও স্ট্যাম্প ভেন্ডার কাউছার আহমেদের নেতৃত্বে একদল ব্যক্তি সাব রেজিস্ট্রারকে হুমকি দিয়ে চেয়ার থেকে নামিয়ে বের করে দেন। স্ট্যাম্প ভেন্ডার কাউছার আহমেদ লাঞ্ছনার অভিযোগ অস্বীকার করে বলেন, কাগজপত্র নিয়ে জটিলতা ছিল। দলিল লেখক সমিতির সভাপতি দাবি করেন, আইনগত ব্যাখ্যায় মতবিরোধ হয়েছে। সাব রেজিস্ট্রার তারেক মাহমুদ বলেন, বিষয়টি অফিসিয়ালভাবে দেখা হবে। কুমিল্লা জেলা রেজিস্ট্রার আনোয়ারুল হক চৌধুরী জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।