তিন দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির

Printed Edition
এনসিপির সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সারজিস আলম : নয়া দিগন্ত
এনসিপির সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সারজিস আলম : নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) । আগামী ৬ জুলাই থেকে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছে দলটি।

গতকাল শনিবার বিকেলে রাজধানীতে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে বলা হয়, ঐতিহাসিক ও রক্তস্নাত জুলাই মাস নতুন প্রত্যাশা ও প্রেরণার বার্তা নিয়ে ফিরে এসেছে। হাজারো শহীদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে।

বক্তব্যে আরো বলা হয়, জুলাইয়ের চেতনা, গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেশের নতুন প্রজন্ম ও সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে এনসিপি। এর অংশ হিসেবে দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ আয়োজন করা হচ্ছে। আগামীকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে এনসিপির শীর্ষ নেতৃত্ব একই সময়ে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় অংশ নেবেন বলে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, জুলাই কেবল একটি মাস নয়; এটি আত্মত্যাগ, গণআকাক্সক্ষা, গণতন্ত্র, ন্যায়বিচার এবং নতুন বাংলাদেশ গড়ার প্রতীক। মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া, শহীদদের অবদান স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকারকে আরো সুদৃঢ় করাই হবে এই আয়োজনের প্রধান লক্ষ্য।

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘জুলাই পদযাত্রা-২০২৬’-এ দেশের সর্বস্তরের নাগরিক, তরুণ সমাজ, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছে এনসিপি।