গণ বিশ্ববিদ্যালয়ে শপথ গ্রহণ ও নবীনবরণ অনুষ্ঠিত

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

গণ বিশ্ববিদ্যালয়ে জুলাই-২০২৬ সেমিস্টারের অনার্স প্রোগ্রামের নবাগত শিক্ষার্থীদের শপথগ্রহণ ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং গণ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. সালেহউদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়াশোনা করে জীবনে সফল মানুষ হওয়ার চেয়ে একজন ভালো মানুষ হওয়া জরুরি। সফল হওয়া মানে টাকা-পয়সা, ধনসম্পদ অর্জন করা নয়, বরং নিজের অর্জিত জ্ঞান দেশ ও সমাজের জন্য কাজে লাগানোই প্রকৃত সফলতা। মুনাফা নয়, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উচ্চ শিক্ষার ব্যবস্থা করা এবং সামাজিক পরিবর্তনের জন্য গড়ে তোলা ডা: জাফরুল্লাহ চৌধুরীর গণ বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র ও অনন্য একটি প্রতিষ্ঠান। কাজেই এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে নিজেদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো: সিরাজুল ইসলাম, ডিনস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো: জহিরুল ইসলাম খান, শপথ গ্রহণ ও নবীনবরণ উদযাপন কমিটির সভাপতি এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ওয়াহিদা জামান লস্কর, রেজিস্ট্রার মো: ওহিদুজ্জামান, ছাত্র কল্যাণ উপদেষ্টা মো: শাহ আলম, প্রক্টর কনক চন্দ্র রায়, কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী এ এইচ এম শফিকুজ্জামানসহ অন্যরা। বক্তরা বলেন, গণ বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়। এ ছাড়া গণ বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক শিক্ষাপ্রতিষ্ঠান। এখানকার শিক্ষার্থীরা শপথবাক্য পাঠের মাধ্যমে শিক্ষা অবস্থায় কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না হওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ।

এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং শপথবাক্য পাঠ করেন গণ বিশ্ববিদ্যালয়ের জুলাই-২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীরা।