চট্টগ্রামে ২ মোটরসাইকেল আরোহীসহ বিভিন্ন স্থানে নিহত ৭

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

চট্টগ্রামে দুই মোটরসাইকেল আরোহীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরের বন্দর থানার আনন্দবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি আসাদুল ইসলাম (৫০) তার বাড়ি চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায়। তিনি একটি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন। অপর নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর; তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

পুলিশ জানিয়েছে, দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুর্ঘটনার শিকার হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং ঘাতক গাড়িটি শনাক্তে তদন্ত চলছে।

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা জানান, সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুই ছাত্র। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার দুপুরে উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চাবাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সাকিব আহমদ (১৬)। তিনি উপজেলার নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে। আহতরা হলেন রায়হান আহমেদ ওরফে রাহুল (১৬), তিনি ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে এবং জয় (১৬), তিনি লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে। তারা তিনজনই অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ও সহপাঠী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পরীক্ষা শেষে তিন বন্ধু মোটরসাইকেলে জাফলং চা বাগান এলাকায় ঘুরতে যায়। পথে তাদের বহনকারী মোটরসাইকেল দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সাকিব আহমদ নিহত হন।

অপর দুই শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় সিলেট কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন। তবে বাসে থাকা অন্যান্য যাত্রীরা দ্রুত বাস থেকে বের হয়ে আসতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। দুর্ঘটনার পর সাময়িকভাবে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নলছিটি উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রো-১১-০০৭৩ নম্বরের নাহিদ সুপার পরিবহনের একটি বাস পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। পথে পূর্ব রায়পুর বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়া সুপারভাইজারকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের সাথে ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের ইছাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা বিমানবন্দর থেকে টঙ্গীবাড়ীগামী একটি মাইক্রোবাস উপজেলার নিমতলা এলাকায় প্রথমে একটি প্রাইভেট কারের পেছনে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কার চালক গাড়িটি থামানোর চেষ্টা করলে মাইক্রোবাসের চালক দ্রুত পালানোর উদ্দেশ্যে গাড়ির গতি আরো বাড়িয়ে দেন। পরে সীমনপাড়া এলাকায় আবারো দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে।

এরপরও মাইক্রোবাসটি না থেমে দ্রুতগতিতে চলতে থাকে। একপর্যায়ে পূর্ব ইছাপুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাকের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন জানান, আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা জানান,

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মশাউজান এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৪০৩) এবং ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেল (ফরিদপুর-ল-১২-০০৮৩) মশাউজান এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ফাহিম মাতুব্বর (২৩) ঘটনাস্থলেই নিহত হন। তিনি নগরকান্দা উপজেলার চক নাওডুবি গ্রামের জাহিদ মাতুব্বরের ছেলে।

এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী রফিকুল মাতুব্বর (২২) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তিনি একই গ্রামের কাওসার মাতুব্বরের ছেলে।

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার ভিডিপি কর্মকর্তা আলাউদ্দিন (৩৬) নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে আবুতোরাব রাস্তার মাথায় মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন রামগতি উপজেলার কাশেম মিয়া বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি চলতি বছরের শুরুতে মিরসরাই উপজেলায় আনসার ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।

জানা গেছে, গতকাল দুপুরে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে অর্থনৈতিক অঞ্চল সড়কের আবুতোরাব এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।