তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের তাড়াইলে পাঠদান চলাকালে একটি শ্রেণিকক্ষের ছাদ থেকে পলেস্তরাসহ বৈদ্যুতিক পাখা খুলে পড়ে অল্পের জন্য রক্ষা পেয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিকনী আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম শ্রেণীর পাঠদান চলাকালে হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তরাসহ একটি বৈদ্যুতিক পাখা খুলে শিক্ষিকার টেবিল ও শিক্ষার্থীদের বেঞ্চের মাঝখানের ফাঁকা স্থানে পড়ে। এতে শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হননি। তবে ওই কক্ষে আরো একটি পাখা ঝুলে থাকায় নতুন করে দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকরা।
ঘটনার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয় ভবনের ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত পরীক্ষা ও সংস্কারের মাধ্যমে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম ভূঞা বলেন, পাঠদান চলাকালে ছাদের পলেস্তরাসহ একটি বৈদ্যুতিক পাখা খুলে পড়ে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হবে।



